গাজীপুরের শ্রীপুরে একটি সংরক্ষিত বনের ভেতর থেকে আসিফ মিয়া (২৫) নামে এক যুবকের রক্তাক্ত গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে একটি বাটন মোবাইল ফোন, ব্যাটারিচালিত একটি অটোরিকশা ও নারীদের কিছু কাপড়চোপড় উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
নিহত আসিফ মিয়া ডোয়াইবাড়ি গ্রামের জাকির হোসেন ও আসমা খাতুন দম্পতির সন্তান। সে মায়ের সঙ্গে নানাবাড়িতেই বসবাস করত। সে পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিল। নিহতের মামা মনির হোসেন বলেন, বুধবার রাতে আসিফ বাড়িতে ফেরেনি। রাতভর সবাই মিলে বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের জঙ্গলে গলাকাটা অবস্থায় তার মরদেহ দেখতে পায় লোকজন। বাড়ির লোকজন গিয়ে শনাক্ত করে তার লাশ। পরে পুলিশ খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
