মানবসমাজে আস্থা, বিশ্বাস ও পারস্পরিক সম্পর্কের মূল ভিত্তি হলো সত্যবাদিতা ও প্রতিশ্রুতি রক্ষা। একজন মানুষ তার কথার মাধ্যমে অন্যের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করে, আর সেই কথারই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ওয়াদা বা প্রতিশ্রুতি। কিন্তু দুঃখজনক সত্য হলো, অনেক সময় মানুষ প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করে না। ইসলামের দৃষ্টিতে এই ওয়াদা ভঙ্গ করা একটি গুরুতর নৈতিক অবক্ষয় এবং এটি মুনাফিকের অন্যতম প্রধান নিদর্শন হিসেবে বিবেচিত।
ইসলাম একটি নৈতিকতা ও আদর্শভিত্তিক জীবনব্যবস্থা, যেখানে প্রতিটি কাজের মধ্যে সততা ও দায়িত্ববোধের গুরুত্ব আরোপ করা হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘তোমরা অঙ্গীকার পূর্ণ করো। নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।’ (সুরা বনি ইসরাইল ৩৪) এই আয়াতের মাধ্যমে প্রতিশ্রুতি রক্ষার গুরুত্ব সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। প্রতিটি মানুষ তার প্রতিশ্রুতির জন্য দায়বদ্ধ এবং কেয়ামতের দিন তাকে এ বিষয়ে জবাবদিহি করতে হবে।
হাদিসে রাসুলুল্লাহ (সা.) মুনাফিকের লক্ষণ সম্পর্কে বলেন, ‘মুনাফিকের তিনটি নিদর্শন রয়েছে। এক. যখন সে কথা বলে, মিথ্যা বলে। দুই. যখন ওয়াদা করে, তা ভঙ্গ করে। তিন. যখন তার কাছে আমানত রাখা হয়, সে খেয়ানত করে।’ (সহিহ বুখারি ও মুসলিম) এই হাদিসটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে, ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের একটি বৈশিষ্ট্য, যা একজন মুমিনের জন্য অত্যন্ত লজ্জাজনক।
ওয়াদা ভঙ্গ করার ফলে সমাজে বিশ্বাসের সংকট সৃষ্টি হয়। যখন একজন ব্যক্তি তার প্রতিশ্রুতি রক্ষা করে না, তখন তার প্রতি মানুষের আস্থা কমে যায়। এর ফলে ব্যক্তি, পরিবার ও সমাজসহ সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়ে। ব্যবসা-বাণিজ্যে প্রতিশ্রুতি ভঙ্গ হলে আর্থিক ক্ষতি হয়, পারিবারিক জীবনে তা সম্পর্কের অবনতি ঘটায়। আর সামাজিক জীবনে সৃষ্টি করে অবিশ্বাস ও বিভেদ।
বর্তমান সমাজে ওয়াদা ভঙ্গ একটি সাধারণ সমস্যায় পরিণত হয়েছে। আমরা অনেক সময় খুব সহজেই প্রতিশ্রুতি দিয়ে ফেলি, কিন্তু তা রক্ষা করার ব্যাপারে উদাসীন থাকি। কেউ সময়মতো উপস্থিত হওয়ার কথা বলে দেরি করে, কেউ কোনো কাজ করার অঙ্গীকার করে তা সম্পন্ন করে না। এমনকি অনেক ক্ষেত্রে মানুষ ইচ্ছাকৃতভাবেই প্রতিশ্রুতি ভঙ্গ করে, যা একটি মারাত্মক নৈতিক অবক্ষয়ের পরিচায়ক।
ইসলাম শুধু প্রতিশ্রুতি দেওয়ার শিক্ষা দেয় না, বরং তা যথাযথভাবে পালন করার ওপর বিশেষ গুরুত্ব দেয়। একজন মুমিনের বৈশিষ্ট্য হলো, সে তার কথার প্রতি দায়িত্বশীল থাকে। সে এমন কোনো প্রতিশ্রুতি দেয় না, যা সে পূরণ করতে পারবে না। আর যদি কোনো কারণে প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়, তবে সে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে এবং তা পূরণের সর্বোচ্চ চেষ্টা করে।
ওয়াদা রক্ষা করার জন্য কিছু বিষয় আমাদের মেনে চলা উচিত। প্রথমত, প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা উচিত। আমরা অনেক সময় আবেগের বশে বা অন্যকে খুশি করার জন্য এমন প্রতিশ্রুতি দিয়ে ফেলি, যা পরবর্তী সময় রক্ষা করা কঠিন হয়ে পড়ে। তাই বাস্তবসম্মত চিন্তা করে প্রতিশ্রুতি দেওয়া জরুরি।
দ্বিতীয়ত, প্রতিশ্রুতি রক্ষার ব্যাপারে দৃঢ় সংকল্প থাকতে হবে। কোনো বাধা আসলেও তা অতিক্রম করে প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করতে হবে। তৃতীয়ত, সময়ানুবর্তিতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিকাংশ ক্ষেত্রে ওয়াদা ভঙ্গের কারণ হলো সময়মতো কাজ সম্পন্ন না করা।
চতুর্থত, আন্তরিকতা ও আল্লাহভীতি থাকা প্রয়োজন। যখন একজন মানুষ মনে করে, তার প্রতিটি কাজের জন্য মহান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তখন সে সহজে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না। এই আল্লাহভীতি একজন মানুষকে সৎ ও দায়িত্বশীল হতে সাহায্য করে।
অন্যদিকে যদি কোনো ব্যক্তি বিশেষ কারণে প্রতিশ্রুতি রক্ষা করতে অপারগ হয়, তবে তার উচিত তা আগেভাগেই জানিয়ে দেওয়া এবং ক্ষমা প্রার্থনা করা। এতে অন্তত তার সততা বজায় থাকে এবং সম্পর্কের অবনতি কম হয়।
ওয়াদা রক্ষা করা শুধু ব্যক্তিগত গুণ নয়, বরং এটি একটি সামাজিক দায়িত্বও। একটি উন্নত ও সভ্য সমাজ গঠনের জন্য প্রতিটি মানুষের উচিত তার প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
লেখক : মাদ্রাসাতুদ দাওয়াহ শরইয়্যাহ, নারায়ণগঞ্জ
