জামালপুর একরাতে ৮ গরু চুরি, আতঙ্কে খামারিরা

আপডেট : ১৬ মে ২০২৬, ০৬:১০ পিএম

কোরবানির ঈদকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে গরু চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এক রাতেই ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয় কৃষক ও খামারিরা।

শনিবার (১৬ মে) ভোরের দিকে উপজেলার পৃথক দুটি গ্রামে দুই কৃষকের গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি হয়। এই ঘটনায় স্থানীয় কৃষক ও খামারিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানায়, বালিজুড়ি ইউনিয়নের পূর্ব সুখনগরী গ্রামের কৃষক মনির হোসেনের গোয়ালঘর থেকে ৫টি গরু এবং পৌর এলাকার বাণিকুঞ্জ গ্রামের কৃষক শাহ আলীর গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি হয়। সকালে গোয়ালঘরের দরজা খোলা দেখে চুরির বিষয়টি নিশ্চিত হয়।

গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উপজেলার অনেক কৃষক এখন রাত জেগে গোয়ালঘর পাহারা দিচ্ছেন। অনেকে চোরের ভয়ে নিজের শয়নকক্ষ ছেড়ে গোয়ালঘরেই রাত যাপন করছেন। আসন্ন ঈদকে কেন্দ্র করে জানমালের নিরাপত্তায় পুলিশের টহল আরও জোরদার করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

এ নিয়ে কৃষক মনির হোসেন আক্ষেপ করে জানান, গরুগুলো হারিয়ে তিনি আজ নিঃস্ব। ঈদের আগে বড় অংকের এই আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠা তার পক্ষে অসম্ভব।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। চুরি রোধে নিয়মিত চেকপোস্ট এবং গ্রামবাসীকে সচেতন করার কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত