তারা পদক পেল প্রমা আবৃত্তি সংগঠন ও শিল্পী তানভীর

আপডেট : ১৭ মে ২০২৬, ০৭:৫২ এএম

‘স্রোত আবৃত্তি সংসদ’র আয়োজনে অনুষ্ঠিত হলো ‘জীয়নকাঠি ফখরুল ইসলাম তারা উৎসব-২০২৬’। ঢাকার বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে গতকাল শনিবার বিকালে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, বিশিষ্ট আবৃত্তিশিল্পী আশরাফুল আলম। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত আবৃত্তিশিল্পী ফখরুল ইসলাম তারা ও সদ্য প্রয়াত স্বাধীনতা পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্রোত আবৃত্তি সংসদের প্রায় তিন দশকের নিবেদিতপ্রাণ আবৃত্তিশিল্পী, নির্দেশক ও এটিএন নিউজের প্রয়াত চিফ নিউজ প্রডিউসার ফখরুল ইসলাম তারার স্মৃতি ও আদর্শকে ধরে রাখতে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে আবৃত্তিশিল্পে বিশেষ অবদানের জন্য জুরিবোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতে ‘জীয়নকাঠি ফখরুল ইসলাম তারা পদক-২০২৬’ প্রদান করা হয়েছে। এ বছর প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে সম্মানজনক এই পদক লাভ করেছে চট্টগ্রামের স্বনামধন্য আবৃত্তি সংগঠন ‘প্রমা আবৃত্তি সংগঠন’ এবং একক আবৃত্তিশিল্পী হিসেবে পদক পেয়েছেন তরুণ আবৃত্তিশিল্পী মাহমুদুল হাকিম তানভীর।

আবৃত্তিশিল্পী আশরাফুল আলম বলেন, ‘যান্ত্রিকতার এই যুগে শিশুরা যখন এভাবে শিল্পের সংস্পর্শে আসে, তখন তাদের মনন আরও বেশি মানবিক ও সমৃদ্ধ হয়। আমি বিশ্বাস করি, নতুন প্রজন্মের কাছে তারার এই শিল্পবোধ ও আদর্শ একটি অত্যন্ত ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।’

উৎসবে শিশুদের মননশীল মনস্তত্ত্ব, শৈশবের আনন্দ এবং দেশাত্মবোধের নানা কবিতা নিয়ে আবৃত্তি পরিবেশন করে ‘হৃদয় বৃত্তি’, ‘গেণ্ডারিয়া কিশলয় কচি কাঁচার মেলা’, ‘শিমুলের পাঠশালা’, ‘শিল্পবৃত্ত’ এবং স্বাগতিক ‘স্রোত আবৃত্তি সংসদ’-এর শিশুশিল্পীরা। এরপর মঞ্চস্থ হয় এ বছর তারা পদকজয়ী দল চট্টগ্রামের ‘প্রমা আবৃত্তি সংগঠন’-এর জনপ্রিয় আবৃত্তি প্রযোজনা ‘পান্তা বুড়ি’। লোকায়ত বাংলার অনন্য রূপকথা এবং খেটে খাওয়া সাধারণ মানুষের সহজ-সরল জীবনচিত্রকে নির্দেশক ও শিল্পীদের অনবদ্য বাচনিক অভিনয়ে মঞ্চে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাহফুজ মাসুম এবং স্বাগত বক্তব্য দেন মাসুদুজ্জামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত