পাটওয়ারীর মামলা নেয়নি থানা, ‘সার্ভার ডাউন’ বলছে পুলিশ

আপডেট : ২২ মে ২০২৬, ০৮:৪৩ পিএম

ঝিনাইদহে হামলার ঘটনার পর পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। বর্তমানে ঝিনাইদহ থানার সামনে নেতাকর্মীদের নিয়ে অবস্থান নিয়েছেন তিনি। 

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি লিখেছেন, বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা গ্রহণ করা হচ্ছে না।

পরে সন্ধ্যায় অপর এক পোস্টে তিনি লেখেন, সন্ধ্যা ৭টা থেকে ঝিনাইদহ সদর থানার সামনে অবস্থান। মামলা নিতেই হবে। বিচার করতেই হবে।

এর আগে হামলার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, আইনমন্ত্রী ও ঝিনাইদহ বিএনপির সভাপতি আব্দুল মজিদের লোকজন হামলা চালিয়েছে। তারা ডিম নিক্ষেপ করেছে। আমাদের ৩/৪ জন আহত হয়েছেন। আমরা এই ন্যাক্কারজনক হামলার বিচার চাইবো। আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আইনমন্ত্রীর এলাকাতেই যদি আইন শৃঙ্খলার এরকম অবস্থা হয়, তাহলে তার মন্ত্রী থাকার দরকার নেই।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী থানায় এসেছেন। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি।
 
মামলা গ্রহণে এনসিপির অভিযোগের বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, সার্ভার ডাউন রয়েছে। যে কারণে এখনো অভিযোগ নেয়া সম্ভব হয়নি। তবে যেহেতু আমলযোগ্য অপরাধ বিষয়ে অভিযোগ, কাজেই অভিযোগপত্র না নেয়ার সুযোগ নেই। সার্ভার স্বাভাবিক হলেই আমরা অভিযোগ অনলাইনে এন্ট্রি করব।
 
এর আগে, আজ শুক্রবার (২২ মে) দুপুরে ঝিনাইদহে জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল-যুবদলের নেতৃত্বে হামলার অভিযোগ উঠে। এ ঘটনায় ১৭ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে এনসিপির পক্ষ থেকে। 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত