গরুর হাটেই আবেগী বার্তা ওমর সানীর

আপডেট : ২৭ মে ২০২৬, ০৪:৪৬ পিএম

গরুর হাটে গিয়েেই আবেগঘন বার্তা দিলেন চিত্রনায়ক ওমর সানী। হালাল উপার্জনের গুরুত্ব তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি পোস্ট ইতোমধ্যেই ভক্ত-অনুরাগীদের নজরকাড়েছে। নিজের ফেসবুক পোস্টে এই অভিনেতা লিখেছেন, ‘সামান্য টাকা নিয়েও যদি আসি সেটা যেন হালাল থাকে। আলহামদুলিল্লাহ, আমার এবং আমার ছেলের পরিবারের পক্ষ থেকে কোরবানি আল্লাহ আপনি কবুল করুন।’ 

জানা গেছে, রাজধানীর একটি পশুর হাটে কোরবানির পশু কিনতে যান ওমর সানী। সেখানকার কিছু ছবি ও ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন তিনি। পোস্টের ক্যাপশনে হালাল উপার্জনের বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন এই অভিনেতা। ওমর সানীর এমন বার্তায় নেটিজেনদের মধ্যেও ব্যাপক সাড়া দেখা গেছে। অনেকে মন্তব্যে লিখেছেন, ‘অল্প হলেও হালাল উপার্জনে বরকত আছে।’ আবার কেউ বলেছেন, ‘হালাল রিজিকের গুরুত্বই সবচেয়ে বড় শিক্ষা।’ 

বর্তমান সময়ে যখন কোরবানিকে ঘিরে বাহ্যিক জাঁকজমক ও প্রতিযোগিতার বিষয়টি বেশি আলোচিত হয়, তখন ওমর সানীর এই বক্তব্য অনেকের কাছেই বাস্তবতা ও ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন হিসেবে ধরা দিয়েছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ইসলাম হালাল উপার্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। কোরবানি শুধু পশু জবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আত্মত্যাগ, তাকওয়া এবং বৈধ উপার্জনের বিষয়ও। আর সেই বার্তাই যেন নিজের পোস্টের মাধ্যমে স্মরণ করিয়ে দিলেন এই অভিনেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত