বাজেট অধিবেশন শুরু

তোফায়েলসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোকপ্রস্তাব

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৩:২৮ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন) শুরু হয়েছে। গতকাল রবিবার বেলা ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। অধিবেশনের প্রথম দিনে উনসত্তরের গণঅভ্যুত্থানের নায়ক, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা তোফায়েল আহমেদ এবং সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।

বৈঠকে শুরুতে এই অধিবেশনের জন্য সভাপতিম-লীর মনোনয়ন দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তারা হলেন সেলিমা রহমান, ওসমান ফারুক, জয়নুল আবেদীন, মো. শাহজাহান ও শাহজাহান চৌধুরী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীজন বৈঠকে সভাপতিত্ব করবেন। অধিবেশনে শোকপ্রস্তাব উত্থাপন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে তা সংসদে গৃহীত হয়। মৃতদের স্মরণে এক মিনিট শোক প্রকাশ করে জাতীয় সংসদ। পরে মোনাজাত পরিচালনা করেন এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

অধিবেশনে আওয়ামী লীগের নেতা ও সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ, দবিরুল ইসলাম, এ বি এম আনোয়ারুল হক, মোসলেম উদ্দিন, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী শফিক আহমেদ এবং দশম সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল মতিনের মৃত্যুতে শোক জানানো হয়।

এ ছাড়া বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, অধ্যাপক এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, জি এম ফজলুল হক, জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, আবু নূর মোহাম্মদ বাহাউল হক, গোলাম সারোয়ার মিলন এবং সিপিবির সংসদ সদস্য মো. সামসুদ্দোহার মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় সংসদ। সংসদের রীতি অনুযায়ী প্রয়াত মন্ত্রী, এমপি ও দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে অধিবেশনের প্রথম দিন শোক প্রকাশ করা হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় সংসদ। এ ছাড়া জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, কবি হেলাল হাফিজ, ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন, প্রখ্যাত সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী, লেখক বদরুদ্দীন উমর, নজরুল-সংগীতশিল্পী ডালিয়া নওশীন, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আব্দুল কুদ্দুস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, সংঘরাজ ড. জ্ঞানীশ্রী মহাস্থবির ও সাংবাদিক গাজী রুহুল আমিনের মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় সংসদ।

 

বাজেট অধিবেশন চলবে ৯ জুলাই পর্যন্ত

‎আগামীকাল ৯ জুলাই চলতি জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষ হবে। বাজেটের ওপরে ৪০ ঘণ্টা সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধী দলের উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির।

বৈঠকে স্পিকারের বিশেষ আমন্ত্রণে অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। বাজেট আলোচনার জন্য মোট ৪০ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়।

সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টা থেকে অধিবেশন অনুষ্ঠিত হবে এবং ৯ জুলাই দ্বিতীয় অধিবেশন শেষ করার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে প্রস্তাব করা হয়, ২৭-৩০ জুন এ চার দিন প্রতিদিন দুবেলা বৈঠক অনুষ্ঠিত হতে পারে। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস-সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়। এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৯১টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৩৭টি প্রশ্নসহ মোট ৩ হাজার ২২৮টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১-এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৯৮টি এবং সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যায় (বিধি-১৩১) ২৯৩টি নোটিশ পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত