মৌচাকে যুবদল নেতার হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

রমনা থানা যুবদল কমিটি বিলুপ্ত

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৬:২২ এএম

রাজধানীর মৌচাক এলাকায় সালিশ বৈঠকে যুবদল নেতার হামলায় রমনা থানার স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নিহত হয়েছেন। বিল্লাল স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক ও মহানগর দক্ষিণের সদস্য ছিলেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৯টার দিকে বিল্লালকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত দিদারুল ইসলাম বাবু রমনা থানা যুবদলের আহ্বায়ক ও যুবদল ঢাকা মহনাগর দক্ষিণের আহ্বায়ক সদস্য। এ ঘটনায় রমনা থানা যুবদলের কমিটি বাতিল করা হয়েছে এবং বাবুকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো কেন্দ্রীয় যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিল্লালকে হাসপাতালে নিয়ে আসা তার ভাগ্নে মোবারক হোসেন আকাশ জানান, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন আমাকে মারধর করে। এরপর মামাকে ডেকে আনি। রাত ৮টার দিকে মার্কেটের সামনে মারামারির ঘটনায় সালিশ বৈঠক বসে। তখন বিল্লালের সঙ্গে যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু ও সদস্য সচিব লুৎফরের তর্কাতর্কি হয়। একপর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লালকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, বিল্লালের বাসা মালিবাগ বাগানবাড়ি এলাকায়। তিনি মালিবাগে বালু-সিমেন্টের ব্যবসা করতেন। বিল্লাল মৃত ইউনুছ তালুকদারের ছেলে। ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মাজাহারুল ইসলাম জানান, রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। সালিশকে কেন্দ্র করে বিল্লালকে ছুরিকাঘাত করে খুন করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকারীরা ঘটনার পর পর পালিয়ে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার তার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত