দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

আপডেট : ১০ জুন ২০২৬, ০২:২০ পিএম

দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গের কাছে একটি বসতিতে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ১২ জন নিহত এবং ৯ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৯ জুন) রাতে জোহানেসবার্গের পূর্বে অবস্থিত ক্লীভল্যান্ড এলাকার একটি বসতিতে এই ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এক বিবৃতিতে পুলিশ জানায়, একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে ১০ জনের বেশি সন্দেহভাজন ব্যক্তি একটি পেট্রোল স্টেশনের কাছে আসে। এরপর তারা বস্তির দুটি প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকে বিভিন্ন স্থানে বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায়। হামলার পর সন্দেহভাজনরা একই গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ আরো জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটের দিকে চলমান গোলাগুলির খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। আহতদের চিকিৎসার জন্য জরুরি চিকিৎসা সেবাও পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই আটজন পুরুষ ও তিনজন নারী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন পুরুষ মারা যান। এ ছাড়া গুলিবিদ্ধ অন্তত নয়জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত