আসন্ন অ্যান্ড্রয়েড ১৭ আপডেটে কিছু নতুন শক্তিশালী নিরাপত্তা ও গোপনীয়তা ফিচার যুক্ত করা হয়েছে। সেগুলো ব্যবহারকারীদের স্ক্যাম, চুরি, ম্যালওয়্যার এবং পরবর্তী প্রজন্মের সাইবার আক্রমণ থেকে রক্ষায় ডিজাইন করা হয়েছে। অফিসিয়াল অ্যান্ড্রয়েড ডেভেলপার ডকুমেন্টেশন এবং গুগলের ঘোষণা অনুসারে, এই পরিবর্তনগুলো একটি ‘এআই-চালিত, সক্রিয় নিরাপত্তা ব্যবস্থা’র দিকে যাত্রার সূচনা করে। বেশির ভাগ ফিচারই অ্যান্ড্রয়েড ১৭-এর সঙ্গে মুক্তি পাবে। নতুন আপডেটের অন্যতম আকর্ষণ ‘ভেরিফায়েড ফিন্যান্সিয়াল কল’ ফিচার। এটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচয়ে আসা কল যাচাই করবে। সন্দেহজনক বা ভুয়া কল শনাক্ত হলে ব্যবহারকারীকে সতর্ক করা হবে, প্রয়োজনে কল ব্লকও করা যাবে।
এআইনির্ভর ‘লাইভ থ্রেট ডিটেকশন’ ফিচার ফোনের অ্যাপ ও সিস্টেমকে নিয়মিত পর্যবেক্ষণ করবে। কোনো অ্যাপ গোপনে এসএমএস ফরওয়ার্ড করা বা অ্যাক্সেসিবিলিটি অনুমতির অপব্যবহারের চেষ্টা করলে তাৎক্ষণিক সতর্কবার্তা দেবে। একই সঙ্গে ক্রোম ব্রাউজারে ক্ষতিকর এপিকে (অচক) ফাইল ডাউনলোড ঠেকাতে নতুন স্ক্যানিং ব্যবস্থাও যুক্ত হচ্ছে।
নিরাপত্তা আরও জোরদার করতে অ্যাডভান্সড প্রোটেকশন মোডে যুক্ত হচ্ছে অতিরিক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফোন হারিয়ে গেলে ‘ফাইন্ড মাই ডিভাইস’-এর মাধ্যমে বায়োমেট্রিক লক সক্রিয় করা যাবে, ফলে পাসওয়ার্ড জানা থাকলেও ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক ছাড়া ডিভাইসে প্রবেশ সম্ভব হবে না। এ ছাড়া লোকেশন ইন্ডিকেটর, ওএস ভেরিফিকেশন, নতুন কন্ট্যাক্ট পিকার এবং সাময়িক লোকেশন শেয়ারিংয়ের মতো ফিচার অ্যান্ড্রয়েড ১৭-কে আরও নিরাপদ ও ব্যবহারবান্ধব করে তুলবে।