অবিশ্বাস্য

আপডেট : ১২ জুন ২০২৬, ০৩:৫৫ এএম

মহাকাশে ওষুধ কারখানা

দীর্ঘ মহাকাশ অভিযানে নভোচারীরা অসুস্থ হয়ে পড়লে ওষুধ কোথায়? পৃথিবী থেকে ওষুধ পৌঁছাতে পৌঁছাতে বিপদ থেমে থাকবে না। মহাকাশে বহু ওষুধ দ্রুত নষ্ট হয়ে যায়। এমনকি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মজুদ অর্ধেকেরও বেশি ওষুধ, তিন বছরের মধ্যে মেয়াদোত্তীর্ণ হয়ে যায় বলে জানা যাচ্ছে। এদিকে একেকটি পথ পাড়ি দিতে লাগে ২০০-২৫০ দিন। এই সমস্যার সমাধানে গাছ থেকেই ওষুধ তৈরির পরিকল্পনা করেছেন মহাকাশচারীরা। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান দিয়েগো  ক্যাম্পাসের প্রকৌশলীরা মহাকাশের অনুরূপ পরিবেশে, গাছ থেকে ওষুধ তৈরির সহজ পদ্ধতি উদ্ভাবন করেছেন। গাছ নষ্ট না করেই তৈরি হবে ওষুধ।  গবেষক দল নিকোটিয়ানা বেনথামিয়ানা ও কালো চোখওয়ালা মটর (ব্ল্যাক-আইড পি) গাছ ব্যবহার করে সিপিএমভি নামক যৌগ তৈরি করেছেন।  প্রধান গবেষক প্যাট্রিক অপডেনস্টাইনেন জানিয়েছেন, এই গাছে যৌগ উৎপাদন করা অত্যন্ত সহজ। বিজ্ঞানীরা বলছেন, এই প্রযুক্তি গাছের পাতার ভেতরে তৈরি ওষুধ গাছের ক্ষতি না করেই, বের করে আনতে পারে। এ ছাড়া একই গাছ থেকে বারবার ওষুধ পাওয়া যায়। গবেষণায় একটি ‘র‌্যান্ডম পজিশনিং মেশিন’ ব্যবহার করে, মাইক্রোগ্র্যাভিটির পরিবেশ কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল। এই পদ্ধতি কেবল মহাকাশে নয়, পৃথিবীর সম্পদ-সীমিত প্রত্যন্ত অঞ্চলেও স্বল্পমূল্যে ওষুধ উৎপাদনে সহায়তা করতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই গবেষণা ভবিষ্যতের গভীর-মহাকাশ অভিযান, বিশেষত মঙ্গল-যাত্রার চিকিৎসা-সংক্রান্ত প্রস্তুতিতে এক বড় পদক্ষেপ। গাছই হয়ে উঠতে পারে মহাকাশের ভাসমান ফার্মেসি যা হবে চাহিদামতো ওষুধ তৈরির জীবন্ত কারখানা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত