কথায় আছে, একটা বাড়ির বাথরুম দেখে তার রুচি বোঝা যায়। তাই বাাড়ির বাথরুম পরিষ্কার-পরিচ্ছন্নতায় একটু বেশি সচেতন থাকা দরকার।
যা দিয়ে পরিষ্কার করবেন
লেবুর রস ও লবণ একত্রে মিশিয়ে টাইলসের ওপর লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর পরিষ্কার করুন। লেবুতে প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা টাইলসের ওপর জমে থাকা ব্যাকটেরিয়া সহজেই দূর করে। এটি নিয়মিত ব্যবহার করলে টাইলসের উজ্জ্বলতা ঠিক থাকবে। টাইলস খুব নোংরা হলে, বাজারে পাওয়া যায় এমন পরিষ্কারের পণ্য ব্যবহার করতে পারেন। তবে এগুলো ব্যবহারের সময় গ্লাভস পরে নিন এবং ঘরে ভালোভাবে বাতাস চলাচল করে যাতে, সেসব বিষয়ে খেয়াল রাখতে হবে। বাথরুমের মেঝেতে হলুদ দাগ পরিষ্কার করতে ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন। ব্লিচিং পাউডার পানিতে পাতলা করে মিশিয়ে নিতে হবে। তারপর যেখানেই একগুঁয়ে দাগ আছে সেখানে স্প্রে করুন। ১০-১৫ মিনিটের জন্য রেখে দিন এবং ব্রাশ দিয়ে পরিষ্কার করুন। এ ছাড়া নোংরা এবং হলুদ টয়লেট টাইলস উজ্জ্বল করার একটি সহজ ঘরোয়া প্রতিকারও আছে। আপনি নিজেই ক্লিনার তৈরি করতে পারেন। এর জন্য একটি পাত্রে সাদা ভিনেগার ও বেকিং সোডা মিশিয়ে নিন। এই মিশ্রণটি নোংরা টাইলগুলোতে দিয়ে ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। তারপর ব্রাশের সাহায্যে ঘষে পানি দিয়ে পরিষ্কার করুন। এই পদ্ধতিটি টাইলস থেকে হলুদ স্তর এবং দাগ দূর করতে অনেক সাহায্য করবে। বেকিং সোডা ও ভিনেগার একসঙ্গে ব্যবহার করলে দাগ নরম হয়ে যায় এবং সহজে উঠে আসে। ছত্রাক বা কালো দাগ তুলতে ব্লিচ বা হাইড্রোজেন পার-অক্সাইড ব্যবহার করা যেতে পারে। ব্যবহারের সময় গ্লাভস পরুন এবং ঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। টাইলসের ফাঁকের দাগে বেকিং সোডা ও পানি মিশিয়ে পেস্ট তৈরি করে ব্রাশ দিয়ে লাগিয়ে তারপর ঘষে তুলে ফেলুন।
সতর্কতা : ভিনেগার ও ব্লিচিং পাউডার কখনো একসঙ্গে মেশাবেন না। এতে ক্ষতিকর গ্যাস তৈরি হতে পারে।