তারেক রহমান বেইজিংয়ে

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ শীর্ষ বৈঠক

আপডেট : ২৫ জুন ২০২৬, ০২:০৮ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে এক শীর্ষ বৈঠকে মিলিত হবেন। আজ বিকেলে দেশটির রাজধানীতে গ্রেট হল অব পিপলে তারা এ বৈঠকে বসবেন।

বাণিজ্য, বিনিয়োগ, জ¦ালানি, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, প্রতিরক্ষা, তিস্তা মহাপরিকল্পনা ও যমুনা-ব্রহ্মপুত্রের উজানে চীনের বাঁধ নির্মাণসহ সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা, মোংলা বন্দরের আধুনিকায়ন, প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতু, যমুনা নদীর ওপর আরেকটি সেতু, চীনা অর্থনৈতিক অঞ্চল চালু করা, বৈদ্যুতিক গাড়ি নির্মাণে বিনিয়োগ, কৃষিতে প্রযুক্তি হস্তান্তর এবং বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে চীনের গুয়াংজু ও সাংহাইয়ের সরাসরি ফ্লাইট চালু ইত্যাদি বিষয় চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনায় আসবে।

চীন বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ), মুদ্রা বিনিময় চুক্তি, ঢাকায় একটি চীনা ব্যাংক স্থাপন ও চীনা মুদ্রায় একটি বন্ড চালু করা নিয়ে আলোচনা এগিয়ে নিতে চায়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈশি^ক উন্নয়ন উদ্যোগ (জিডিআই- গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ), বৈশি^ক নিরাপত্তা উদ্যোগ (জিএসআই-গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ), বৈশ্বিক সভ্যতা উদ্যোগ (জিসিআই-গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ) ও বৈশ্বিক সুশাসন উদ্যোগে (জিজিআই-গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ) বাংলাদেশকে সম্পৃক্ত করতে চায় দেশটির সরকার। এর মধ্যে জিডিআইতে বাংলাদেশের যোগ দেওয়ার ঘোষণা আসতে পারে।

প্রধানমন্ত্রীদের নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ে বৈঠকের দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রায় ১৭টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হতে পারে।

প্রধানমন্ত্রী আগামীকাল শুক্রবার প্রেসিডেন্ট শি জিনপিং ও দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি-ও সঙ্গেও বৈঠক করবেন।

তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশ দুটিতে সুফরসঙ্গী হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।

বুলেট ট্রেনে বেইজিং : প্রধানমন্ত্রী গতকাল বন্দরনগর দালিয়ান থেকে দ্রুতগতির বুলেট ট্রেনে রাজধানী বেইজিং পৌঁছান।

প্রধানমন্ত্রী এর আগে দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (্ডব্লিউইএফ) মূল অধিবেশনে যোগ দেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলিয়াস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসোরিন উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ এ অধিবেশনে অংশ নেন।

নব্বইয়ের বেশি দেশ ও অঞ্চলের রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদসহ বিভিন্ন পেশার এক হাজার ৭শরও বেশি প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেন।

কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ: কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলিয়াস বেকতেনভ ডব্লিউইএফ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

দুই প্রধানমন্ত্রী বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। এই লক্ষ্যে ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে তারা একমত হন। রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হওয়া উচিত বলে তারা মত দেন।

কাজাখস্তানের প্রধানমন্ত্রী বলেন, তিনি উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সম্পৃক্ততার সম্ভাবনা দেখেন।

বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ কর্মী পাঠানো, নবায়নযোগ্য জ¦ালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।

কাজাখস্তানের প্রধানমন্ত্রী পানি কূটনীতি নিয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার জন্য তার দেশের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন চান। তারেক রহমান এতে বাংলাদেশের সমর্থন রয়েছে বলে জানান।

গণঅভ্যুত্থানে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। বিদেশে প্রথম সরকারি সফরে তিনি গত ২১ জুন মালয়েশিয়া যান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে গত ২২ জুন তিনি শীর্ষ বৈঠক করেন। কুয়ালালামপুর থেকে তিনি একই দিন রাতে সরকারি সফরে চীনের দালিয়ান পৌঁছান। প্রধানমন্ত্রীর আগামীকাল শুক্রবার রাতে দেশে ফেরার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত