ফুটবল বিধাতা কি তবে সেরা দুই বরপুত্রের জন্য ক্যারিয়ারের শেষ মঞ্চে এক রূপকথার চিত্রনাট্য লিখছেন?
বিশ্বকাপ আসে, বিশ্বকাপ যায়। ট্রফির হিসাব মেলে, নতুন তারকার জন্ম হয়। কিন্তু গত দুই দশক ধরে ফুটবলবিশ্বের কোটি কোটি মানুষের মনে যে একটা আজন্ম লালিত স্বপ্ন, একটা না-মেলা অপূর্ণতা রয়ে গেছে বিশ^মঞ্চে লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনালদোর সরাসরি সংঘাত! ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল নকআউট ব্র্যাকেট এবং গ্রুপ পর্বের সাম্প্রতিক সমীকরণ বলছে, ফুটবল ইতিহাসের সেই পরম কাক্সিক্ষত ‘ব্লকবাস্টার’ ম্যাচটি বাস্তবে রূপ নেওয়ার পথ এখন অনেকটাই উন্মুক্ত।
তবে এই স্বপ্নের মহাকাব্যিক থ্রিলারটি মলাটবন্দি হতে হলে, এখন সমস্ত আলো কেড়ে নিয়েছেন ৪১ বছর বয়সী এক ‘বুড়ো’ পর্তুগিজ। সব এখন নির্ভর করছে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং তার সেলেসাওদের ওপর।
আর্জেন্টিনা তাদের ভাগের কাজটা একদম নিখুঁতভাবে, চ্যাম্পিয়নদের মতোই সেরে রেখেছে। আলজেরিয়া ও অস্ট্রিয়াকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে গ্রুপ ‘জে’-এর শীর্ষস্থান পকেটে পুরেছে আলবিসেলেস্তেরা। ৩৯ বছরের লিওনেল মেসি যেন এখনো সেই চেনা জাদুকর। আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সবকটি (পাঁচটি) গোলই এসেছে তার জাদুকরী পা থেকে। মেসি ফর্মে আছেন, আর্জেন্টিনা শান্তিতে আছে।
লড়াইয়ের অন্য প্রান্তে থাকা পর্তুগালের পথটা কিন্তু একটু আঁকাবাঁকা। কঙ্গোর সঙ্গে ১-১ গোলের হতাশাজনক ড্রয়ের পর যখন পর্তুগালকে নিয়ে সমালোচনা হচ্ছিল, তখনই স্বরূপে হাজির ‘সিআরসেভেন’। উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের মহাপ্রলয়ে রোনালদো করলেন রাজকীয় জোড়া গোল। এই দুই গোলে আন্তর্জাতিক ফুটবলে তার গোলসংখ্যা পৌঁছাল অবিশ্বাস্য ১৪৫-এ!
কিন্তু গোল উৎসব করলেই তো হবে না, পয়েন্ট টেবিলের হিসাব বড় নিষ্ঠুর। উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিলেও পর্তুগাল এখনো গ্রুপ ‘কে’-তে লুইস দিয়াজের কলম্বিয়ার পেছনে দ্বিতীয় স্থানে রয়েছে। কলম্বিয়া ২ ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে রাজত্ব করছে।
আর এখানেই লুকিয়ে আছে আসল রোমাঞ্চ। আগামী ২৮ জুন বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় কলম্বিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। সমীকরণ একদম সরল মেসিকে পেতে হলে রোনালদোদের এই ম্যাচটি জিততেই হবে। পর্তুগাল যদি কলম্বিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে, তবেই তারা বিশ্বকাপের নকআউট ব্র্যাকেটের এমন এক লাইনে গিয়ে দাঁড়াবে, যার শেষ গন্তব্য আর্জেন্টিনার মুখোমুখি হওয়া।
পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং এরপর দুই দলই যদি তাদের রাউন্ড অফ ৩২ ও রাউন্ড অফ ১৬-এর বৈতরণী পার করতে পারে, তবেই ফুটবলবিশ্ব প্রত্যক্ষ করবে সেই ‘মাদার অব অল ব্যাটল’।
গতকাল ৩৯তম জন্মদিন উদযাপন করা লিওনেল মেসির এমন একটা লোভাতুর সম্ভাব্য ম্যাচ নিয়ে কি প্রতিক্রিয়া তা জানা যায়নি। তবে রোনালদো যে তার চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে শেষবারের মতো লড়তে মুখিয়ে আছেন, তা তার কথাতেই স্পষ্ট। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে রোনালদো ঠোঁটের কোণে চেনা আত্মবিশ্বাসী হাসি ফুটিয়ে বলেন, ‘আসলে আমি জানি না কী বলব... এই মুহূর্তে এর খুব একটা মানে হয় না, কারণ আমাদের সামনে কলম্বিয়া ম্যাচ। তবে হ্যাঁ, যদি সব সমীকরণ মেলে এমন কোনো ম্যাচ শেষ পর্যন্ত হয়, তবে সেটি অবশ্যই দুর্দান্ত (টপ) কিছু হবে।’
সব শর্ত পূরণ হলে আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় ক্যানসাস সিটির বিখ্যাত অ্যারোহেড স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ক্যারিয়ারের শেষলগ্নে এর চেয়ে বড় উপাখ্যান, এর চেয়ে বড় বিজ্ঞাপন আর কী-ই বা হতে পারে! পুরো ফুটবল দুনিয়া এখন চাতক পাখির মতো চেয়ে আছে ক্যানসাস সিটির সেই ঐতিহাসিক সোনালি ভোরের অপেক্ষায়।