মাহাদীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৩:১৪ এএম

রাজধানীর নিকুঞ্জ-১ এর খেলার মাঠসংলগ্ন টানপাড়া জামতলার উন্মুক্ত জলাশয় থেকে উদ্ধার হওয়া ৩ বছর বয়সী শিশু মাহাদীর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী  হাসপাতালের মর্গ থেকে মরদেহ গ্রহণ করেন স্বজনরা। পরে তাকে দাফনের জন্য পরিবারের সদস্যরা বরগুনার উদ্দেশে রওনা দেন। পারিবারিক সূত্রে জানা গেছে, পৈতৃক বাড়ি বরগুনাতেই মাহাদীকে সমাহিত করা হবে। এক দিন আগেও যে শিশুকে ফিরে পাওয়ার আশায় প্রহর গুনছিল পরিবার ও এলাকাবাসী, গতকাল সেই শিশুর মরদেহ নিয়ে গ্রামের পথে যাত্রা করতে হয়েছে স্বজনদের।

গত মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ থাকার পর গত বুধবার বিকেলে নিকুঞ্জ-১ এর খেলার মাঠসংলগ্ন জামতলা এলাকার একটি উন্মুক্ত জলাশয় থেকে মাহাদীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে নিকুঞ্জ, টানপাড়া ও খিলক্ষেত এলাকাজুড়ে শিশুটির সন্ধানে এলাকাবাসীর ব্যাপক অনুসন্ধান, সামাজিক মাধ্যমে প্রচারণা এবং মসজিদের মাইকে ঘোষণায় বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এদিকে মাহাদীর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। খিলক্ষেত থানার ওসি সোহরাব আল হোসাইন বলেন, ‘প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা সম্ভব নয়। আশা করছি, ময়নাতদন্তের রিপোর্টের মাধ্যমেই ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।’

পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনার বিভিন্ন দিক নিয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন, ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে মাহাদীর পরিবারও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছে। পরিবারের সদস্যরা বলছেন, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসুক এবং এক্ষেত্রে যদি কোনো অপরাধের সংশ্লিষ্টতা থেকে থাকে, তবে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

এদিকে বরগুনায় মাহাদীর দাফনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সেখানে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে তার জানাজা ও দাফন সম্পন্ন হবে। একটি পরিবারের স্বপ্ন, একটি মায়ের বুকভরা আশা এবং একটি শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ সবকিছুই থেমে গেল অকালে। এখন স্বজনদের অপেক্ষা শুধু একটি প্রশ্নের উত্তরের কীভাবে এবং কেন নিভে গেল ছোট্ট মাহাদীর জীবন?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত