পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৩:২১ এএম

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। গতকাল শুক্রবার বেলুচিস্তানের শেরানি জেলা থেকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে প্রবেশের পরপরই দুর্ঘটনাটি ঘটে।

বেলুচিস্তান প্রদেশ সরকারের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনীতিবিষয়ক সহকারী শাহিদ রিন্দ এক বিবৃতিতে বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়াÑ দুই প্রদেশের জেলা প্রশাসন, উদ্ধারকর্মী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তও করা হবে।

শেরানির ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার বলেন, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে রওনা হয়েছিল। তবে পথে বিকল হয়ে যাওয়া আরেকটি বাসের কয়েকজন যাত্রী এতে ওঠেন। ফলে বাসটিতে মোট কতজন ছিলেন, তা নিয়ে শুরুতে কিছুটা বিভ্রান্তি দেখা দেয়।

অন্যদিকে খাইবার পাখতুনখাওয়া ‘রেসকিউ ১১২২’-এর এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত