বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি ফ্লাইট অবতরণ করতে পারেনি । একই কারণে এই বিমানবন্দর দিয়ে অবতরণ ও এরাইভাল বহির্গমনের প্রায় সবগুলো ফ্লাইট আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত দেরিতে ছেড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে দেশ রুপান্তরকে জানান, বৈরী আবহাওয়া ও নিরাপদ অবতরণের পরিবেশ না থাকায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আবুধাবি থেকে চট্টগ্রাম আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ এবং শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার জি-৯ ৫২৬ ফ্লাইট নির্ধারিত সময়ে চট্টগ্রামে নামতে না পেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।
অপরদিকে, ঢাকা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২১ ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণের চেষ্টা করলেও প্রতিকূল আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত ঢাকায় ফিরে যেতে বাধ্য হয়।