আইরিন খান প্রতিমন্ত্রী পদমর্যাদায় জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৮ এএম

সরকার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মী আইরিন খানকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। প্রতিমন্ত্রী পদমর্যাদায় তাকে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুটি পৃথক প্রজ্ঞাপনে তার নিয়োগ ও প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রদানের বিষয়টি ঘোষণা করা হয়। যথাক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন দুটি জারি করেছে। 

আইরিন খান বর্তমানে জেনেভাভিত্তিক জাতিসংঘ মানবাধিকার পরিষদে মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ারের দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ছিলেন।

তিনি জাতিসংঘে বর্তমান স্থায়ী প্রতিনিধি পেশাদার কূটনীতিক সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন। পররাষ্ট্র ক্যাডারের ১৭তম ব্যাচের এই কর্মকর্তাকে পরবর্তী পররাষ্ট্র সচিব নিয়োগ করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের আগস্টে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি তৃতীয় পররাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত হচ্ছেন। ২০২৫ সালের জুনে পেশাদার কূটনীতিক মো. জসিম উদ্দিনকে সরিয়ে আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব করা হয়। পররাষ্ট্র ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা জসিম উদ্দিনকে তখন কানাডায় হাইকমিশনার করা হয়েছে।    

আসাদ আলম সিয়ামকে ভারতে বাংলাদেশের হাইকমিশনার করা হতে পারে। দেশটিতে বর্তমান হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে জেনেভায় জাতিসংঘ দপ্তরে স্থায়ী প্রতিনিধি নিয়োগ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে রিয়াজ হামিদুল্লাহ একই সঙ্গে সুইজারল্যান্ডে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন। জেনেভায় জাতিসংঘ দপ্তরে বর্তমান স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহানকে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে রেক্টর করা হতে পারে। তারা তিনজনই পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।

ফরেন সার্ভিস একাডেমির বর্তমান রেক্টর অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিতকে যুক্তরাজ্যে হাইকমিশনার হিসেবে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা আবিদা ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। আবিদা ইসলামকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। 

পর্তুগালে রাষ্ট্রদূত করা হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে। 

রাজনৈতিক বিবেচনায় বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পদ এ কে এম ওয়াহিদুজ্জামানকে চুক্তিভিত্তিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ মিশনে উপ-স্থায়ী প্রতিনিধি নিয়োগ দেওয়া হতে পারে।

মরিশাসে পরবর্তী হাইকমিশনার করা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম সচিব এম ফরহাদুল ইসলামকে। তিনি পররাষ্ট্র ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা। সেখানে বর্তমান হাইকমিশনার জকি আহাদকে ডেনমার্কে রাষ্ট্রদূত করা হয়েছে। তিনি পররাষ্ট্র ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা।

আয়ারল্যান্ড ও আর্জেন্টিনায় দুটি নতুন দূতাবাস খোলা হচ্ছে। দেশ দুটিতে প্রথম রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যথাক্রমে মোহাম্মদ নূরে আলম এবং এ এফ এম জাহিদ-উল-ইসলামকে। ইন্দোনেশিয়ায় রাষ্ট্রদূত করা হয়েছে মো. আবুল হাসান মৃধাকে। শ্রীলঙ্কায় হাইকমিশনার করা হয়েছে ডি এম সালাহ উদ্দিন মাহমুদকে। এই চারজনই পররাষ্ট্র ক্যাডারের ২১তম ব্যাচের কর্মকর্তা। তাদের মধ্যে নূরে আলম ও আবুল হাসান মৃধা পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক ছিলেন। জাহিদ-উল-ইসলাম বর্তমানে দেশের চিফ অব প্রোটোকল। সালাহ উদ্দিন মাহমুদ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত