আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন সফটওয়্যার হালনাগাদ আইওএস ২৬.৫.২ উন্মুক্ত করেছে অ্যাপল। নতুন সংস্করণে দৃশ্যমান কোনো ফিচার, নকশাগত পরিবর্তন বা ব্যবহারকারীর অভিজ্ঞতায় বড় ধরনের পরিবর্তন আনা হয়নি। বরং এই হালনাগাদের মূল লক্ষ্য ডিভাইসের নিরাপত্তা আরও জোরদার করা।
অ্যাপলের তথ্যমতে, আইওএস ২৬.৫.২-এ বিভিন্ন নিরাপত্তাজনিত দুর্বলতা দূর করা হয়েছে, যা সাইবার হামলা, তথ্য চুরি এবং অননুমোদিত প্রবেশের ঝুঁকি কমাতে সহায়তা করবে। ফলে নতুন কোনো সুবিধা যুক্ত না হলেও ব্যবহারকারীদের জন্য হালনাগাদটি ইনস্টল করা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এ সংস্করণে ইউজার ইন্টারফেসে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই থাকছে আইফোনের বর্তমান নকশা ও ফিচার। এমনকি ‘লিকুইড গ্লাস’ ডিজাইন নিয়েও কোনো পরিবর্তন করা হয়নি। তাই হালনাগাদটি ইনস্টলের পর ফোনের চেহারা বা ব্যবহার পদ্ধতিতে তেমন কোনো পার্থক্য চোখে পড়বে না। নতুন সফটওয়্যার ইনস্টল করতে ঝবঃঃরহমং > এবহবৎধষ > ঝড়ভঃধিৎব টঢ়ফধঃব অপশনে গিয়ে হালনাগাদটি ডাউনলোড ও ইনস্টল করা যাবে।
তবে হালনাগাদের আকার ১০ গিগাবাইটের বেশি হওয়ায় ইনস্টলের আগে পর্যাপ্ত খালি স্টোরেজ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে অপ্রয়োজনীয় ফাইল বা অ্যাপ মুছে জায়গা খালি করে নিতে হবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, নিয়মিত নিরাপত্তা হালনাগাদ ইনস্টল করলে আইফোনের তথ্য সুরক্ষিত থাকে এবং ডিভাইস আরও নিরাপদভাবে ব্যবহার করা যায়।