পঞ্চদশ সংশোধনী

আজ আপিল বিভাগের রায়

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৩:৪১ এএম

তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইনের কয়েকটি ধারা বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের রায় হবে আজ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ রায় ঘোষণা করবে। গতকাল বুধবার শুনানি শেষে রায়ের জন্য এদিন (আজ) ধার্য করে সর্বোচ্চ আদালত।

২০১১ সালের ৩০ জুন আওয়ামী লীগ সরকারের সময়ে জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাসের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনসংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা, সংবিধানে জাতীয় চার মূলনীতিসহ ৫৪টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন করা হয়েছিল।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পক্ষে করা এক রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করে আনা পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল বলে রায় দেয়। তবে, রায়ে পঞ্চদশ সংশোধনী আইনের পুরোটা বাতিল না করে বাকি বিধানগুলোর বিষয়ে পরবর্তী সময়ে জাতীয় সংসদ সিদ্ধান্ত নেবে বলে উল্লেখ করে হাইকোর্ট।

গত ৩ অক্টোবর পঞ্চদশ সংশোধনীর পুরো অংশ বাতিল চেয়ে আপিল বিভাগে আপিল করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চারজন। এ ছাড়া বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গণফোরাম নেতা সুব্রত চৌধুরীসহ আরও কয়েকজন এ আপিল মামলায় পক্ষভুক্ত হন। গত বছরের ৩ ডিসেম্বর শুনানি শুরু হয়। আপিলকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. শরীফ ভূঁইয়া, মোহাম্মদ শিশির মনির, ইমরান এ সিদ্দিক প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত