কবিতা

ছেলেদের কাঁদতে নেই

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০২:৩৭ এএম
ছেলেদের কাঁদতে নেই
শুনে শুনে কচি ডাবের শাঁসের মতো মনটাকে নিয়ে
দারুণ হিমশিম বড় হয়েছিস তুই।
 
সাংঘাতিক কান্না পেত
ছোট্ট একটা চড়ুইয়ের জন্যও
মা-মুখী ছিলি যত তীব্র—মাও ঠেলে দিত তত বেগে
বাপের মতো হ।
মাথার ওপর দিয়ে উড়ে যেত প্রহরের বক
তোর দৃষ্টি শূন্যতায় স্থির অপলক!
কোথাও বিন্যস্ত হতে পারছিস না যখন
আমার কাঁধে হেলান
কিন্তু এ কী ছোট ছোট কারণে চোখ ভেজা?
আমি ইউটার্ন নিলাম।
এরপর তুই কোথায় আছিস কী করিস
আর রাখিনি হদিস,
ঝিল্লিমুখর রাতে তুই শুনতি মৃতদের ফিসফাস,
কামিনী গন্ধের আতর ঘ্রাণ! কেন?
 
একদিন বললি, শক্ত হয়ে গেছি!
ম্যাজিক? বলে তাচ্ছিল্যে তোকে দেখে
কিন্তু লক্ষ না করে বাড়ি এসে শুনি
বাতাসে তোর দেহ ঝুলছে!
 
পুরো জীবন পেরিয়ে অত বেশি
শক্ত তুই কীভাবে হলি?
আমাকে শিখিয়ে যা।
এখন আমার কথায় কথায় চোখ ভিজে যায়।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত