এক নজরে

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৭:৪৫ এএম

পর্তুগালের কোচ জেসুস

পর্তুগাল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন হোর্হে জেসুস। গতকাল লিসবনে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ৭১ বছর বয়সী এই কোচের নাম ঘোষণা করা হয়। জেসুসের সঙ্গে চার বছরের চুক্তি করেছে পর্তুগাল। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলটির দায়িত্বে থাকবেন তিনি। বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর চুক্তি শেষ হওয়ায় রবার্তো মার্তিনেজের স্থলাভিষিক্ত হলেন এই পর্তুগিজ কোচ। এর আগে আল নাসরে ক্রিশ্চিয়ানো রোনালদোর কোচ ছিলেন জেসুস। ৩৬ বছরের কোচিং ক্যারিয়ারে এবারই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব নিলেন তিনি।

সালাহদের রাজকীয় বরণ

বিশ্বকাপ থেকে হৃদয়ভাঙা বিদায়ের পর দেশে ফিরে জাতীয় বীরের মর্যাদা পেয়েছেন মোহামেদ সালাহরা। নিজেদের সেরা বিশ্বকাপ অভিযান শেষে দেশে ফিরলে আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো সমর্থক তাদের স্বাগত জানান। জাতীয় পতাকা ও দেশাত্মবোধক গানে মুখর হয়ে ওঠে এলাকা। ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ করেন ফুটবলাররা। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো জয় ও শেষ ষোলো নিশ্চিত করে ইতিহাস গড়ে মিসর। অসাধারণ পারফরম্যান্সের জন্য দলটি পেল রাজকীয় সংবর্ধনা।

উদযাপনের সময় মৃত্যু

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। এই জয়ের আনন্দ উদযাপনের মধ্যেই দেশটিতে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। উত্তর ফ্রান্সের মবুজ শহরের কাছে অলনোয়া-আয়মেরি এলাকায় উদযাপনে অংশ নেওয়া ১৭ বছর বয়সী এক কিশোরী ট্রাক থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে মারা যায়। জরুরি সেবা বিভাগের বরাতে জানা গেছে, ঘটনার পর ট্রাকচালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্র্তৃপক্ষ। এ ঘটনায় এক প্রত্যক্ষদর্শী কিশোরীও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত