ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য সবুজ অর্থায়নের সুযোগ সম্প্রসারণে ওয়ানট্রুভ্যালু (ওটিভি)-এর সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই উদ্যোগ টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশকে নিম্ন-কার্বন অর্থনীতির দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে। সম্প্রতি এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে গতকাল বুধবার ব্যাংকটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তিটি বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় পরিচালিত ‘অ্যাকসেস টু গ্রিন ফাইন্যান্সিং (এ২জিএফ) ফর এন্টারপ্রাইজেস-স্কেল অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর আওতায় সম্পাদিত হয়েছে। এ মাধ্যমে নিজেদের সবুজ অর্থায়ন সক্ষমতা আরও জোরদার করার পাশাপাশি নবায়নযোগ্য জ¦ালানি, জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনা এবং সার্কুলার ইকোনমি-ভিত্তিক উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ সম্প্রসারণ করবে ব্র্যাক ব্যাংক।
এ ছাড়া, স্পেশালাইজড অ্যাসেসমেন্ট টুলস ও কারিগরি দক্ষতার মাধ্যমে গ্রিন ইনভেস্টমেন্ট মূল্যায়নে ব্যাংকটির সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
এর ফলে এসএমই উদ্যোক্তারা সম্পদের আরও দক্ষ ব্যবহার নিশ্চিত করতে, পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমাতে, ব্যবসাকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
চুক্তিতে ব্র্যাক ব্যাংকের এএমডি অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং ওয়ানট্রুভ্যালুর পক্ষে ট্রুভ্যালু বাংলাদেশের এমডি শরাওয়াত ইসলাম স্বাক্ষর করেন।