হাসপাতালে সোনম ওয়াংচুক

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১২:২৯ এএম

ভারতের শিক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগে টানা ২০ দিন অনশনের পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে নিয়ে গেছে দিল্লি পুলিশ। গতকাল শনিবার ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত এই লাদাখি শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মীকে সফদরজঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়। তবে সোনম ওয়াংচুককে হাসপাতালে নেওয়া নিয়ে দিল্লি পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে পাল্টাপাল্টি দাবি উঠেছে। অনলাইনভিত্তিক ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি) দাবি করেছে, অনশনস্থল যন্তর মন্তর থেকে পুলিশ বলপ্রয়োগ করে সোনম ওয়াংচুককে সরিয়ে নিয়েছে এবং শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে। দিল্লি পুলিশের এক উপকমিশনার বলেন, দিল্লি হাইকোর্টের নির্দেশ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের ভাষ্য, আদালতের নির্দেশ কার্যকর করার সময় বিক্ষোভকারীরা বাধা দেওয়ার চেষ্টা করলে সেখানে সামান্য উত্তেজনা সৃষ্টি হয়। তবে পুলিশ সেখানে অবস্থানরত আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে স্থানত্যাগের আহ্বান জানায়।

হাসপাতাল কর্র্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ অনশন ও পানিশূন্যতার কারণে সোনম ওয়াংচুক শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। এর আগে গত বৃহস্পতিবার এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট সোনম ওয়াংচুকের স্বাস্থ্য পরিস্থিতির ওপর নজর রাখার এবং প্রয়োজন হলে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শনিবার সকালে যন্তর-মন্তরে ওয়াংচুকের সমর্থকদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়। এ সময় পুলিশ সাদা চাদর হাতে দ্রুত তাকে মঞ্চ থেকে সরিয়ে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার কিছুক্ষণ পরই সিজেপির ‘এক্স’ হ্যান্ডল থেকে জানানো হয়, সিজেপি নেতা অভিজিৎ দিপকে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। এই ঘোষণার সঙ্গে সঙ্গে অভিজিৎ দিপকে এক ভিডিও বার্তায় সোনম ওয়াংচুককে তুলে নেওয়ার প্রতিবাদে দেশের সর্বত্র ছাত্রসমাজকে বিক্ষোভে শামিল হওয়ার আহ্বান জানান। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষাব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে আগামীকাল ভারতের পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার ডাক পরিকল্পনা রয়েছে সিজেপির। ওই দিন থেকেই ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার কথা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত