১১ দলের সমাবেশে ডা. শফিক

গণভোটের রায় উপেক্ষা করলে কঠোর আন্দোলন

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৭:১৭ এএম

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আলটিমেটাম দেওয়া হয়। একই সঙ্গে তা উপেক্ষা করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জোটের শীর্ষ নেতারা।

গতকাল শনিবার দুপুরে বরিশাল নগরীর হেমায়েদ উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে বৃষ্টি উপেক্ষা করেই সকাল থেকেই বরিশাল বিভাগের ছয় জেলা থেকে ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণ গণভোটে যে রায় দিয়েছে, তা উপেক্ষার কোনো সুযোগ নেই। সরকার যদি গণভোটের রায় বাস্তবায়ন না করে, তাহলে জনগণই তাদের বিরুদ্ধে আন্দোলনে নামবে। জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বরিশাল-কুয়াকাটা মহাসড়কের উন্নয়ন এবং ভোলার সঙ্গে সেতু নির্মাণ দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি উল্লেখ করে তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়ন ছাড়া এ অঞ্চলের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠনের সমালোচনা করে জামায়াত আমির বলেন, জনগণের মতামত উপেক্ষা করে কোনো ধরনের সাংবিধানিক পরিবর্তনের চেষ্টা গ্রহণযোগ্য হবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, গ্যাস, বিদ্যুৎ ও জ¦ালানির মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। পরিস্থিতির পরিবর্তন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি সতর্ক করেন।

বিরোধীদলীয় চিফ হুইফ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হলে ১১ দলীয় ঐক্য গণ-আন্দোলন গড়ে তুলবে। প্রয়োজনে গণঅভ্যুত্থানের পথেও যেতে বাধ্য হবে। এখনো হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়া হয়নি। তবে সরকার দাবি বাস্তবায়নে উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। গণভোট ও সংস্কারের পক্ষে জনগণ রায় দিলেও সরকার সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, বিএনপি দীর্ঘদিন গণতন্ত্রের আন্দোলনের কথা বললেও ক্ষমতায় এসে সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে গেছে। সংবিধান সংশোধনের নামে কোনো প্রহসন মেনে নেওয়া হবে না। প্রয়োজনে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে। জুলাই সনদ বাস্তবায়ন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা ও গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান নাহিদ ইসলাম।

নেতকর্মীদেরকে মানুষের পাশে থেকে তাদের বিশ্বাস অর্জনের আহ্বান জানিয়েছে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বরিশাল বিভাগীয় সমাবেশে যোগদানের পথে গতকাল মাদারীপুরের কালকিনি পৌরসভার ভূরঘাটা এলাকায় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে এলে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন হেলাল, কালকিনি উপজেলা আমির মাওলানা এনামুল হক, কালকিনি পৌর আমির মাওলানা রফিকুল ইসলাম ও ডাসার উপজেলা আমির মাওলানা আব্দুস সালাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত