বিশ্বকাপ ফুটবল

ফাইনালের উন্মাদনা  দেখতে আর্জেন্টিনার ২ নাগরিক ঢাকায়

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৭:১৮ এএম

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাংলাদেশ সময় আজ রাত ১টায় মোকাবিলা করবে স্পেনকে। এবারকার আসরের শেষ ম্যাচটি দেখতে অনেকে যখন নিউ ইয়র্ক ছুটছেন, তখন আর্জেন্টিনার নাগরিকদের কেউ কেউ ঢাকা আসছেন।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ঢাকা সফরের জন্য আর্জেন্টিনার নাগরিকদের কয়েকজন এরই মধ্যে বাংলাদেশের ভিসা নিয়েছেন। তাদের মধ্যে সুনির্দিষ্টভাবে দুজনের কথা জানিয়েছেন থাইল্যান্ডের  ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (পলিটিক্যাল) সোনিয়া মুন্নী।

সোনিয়া মুন্নী গত শুক্রবার ফেসবুকে এক পোস্টে বলেন, ফার্নান্দা ও জনাথান আর্জেন্টাইন নাগরিক। ওরা দুজন ব্যাংককে দূতাবাসে এসেছিলেন বাংলাদেশের ভিসা নিতে। দূতাবাসের ভেতরে বাংলাদেশের একটি বড় পতাকা এবং আর্জেন্টিনা ও স্পেনের দুটি ছোট পতাকা শোভিত কক্ষে ফার্নান্দা ও জনাথানের সঙ্গে তোলা একটি ছবি উক্ত পোস্টে যুক্ত করেন উক্ত কূটনীতিক। তিনি বলেন, ওরা থাইল্যান্ড বেড়াতে এসেছিলেন মাসখানেক আগে। সেমিফাইনালে আর্জেন্টিনা জয়ী হওয়ার পরে ওরা সিদ্ধান্ত নেন বাংলাদেশে গিয়ে আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ দেখবেন। ওরা ছিলেন  থাইল্যান্ডের চিয়াংমাইতে। সেখান থেকে ফ্লাইটে ব্যাংককে এসে ভিসার জন্য দূতাবাসে যান। বাংলাদেশে আর্জেন্টিনার খেলা দেখার একটা ভিডিও নিজেদের  মোবাইলে মুন্নীকে দেখিয়ে জায়গাটা কোথায় জানতে চান দেশটির দুই নাগরিক। দূতাবাস কর্মকর্তাকে তারা জানান, ভিডিওতে দেখানো স্থানে তারা সবার সঙ্গে আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ উপভোগ করতে চান।

মুন্নী জায়গাটিকে তার নিজের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্য এলাকা হিসেবে চিহ্নিত করেন।  

ফার্নান্দা পরে ইনস্টাগ্রামে মুন্নী ও জনাথানের সঙ্গে তোলা ছবি যুক্ত করে আর্জেন্টাইন স্প্যানিশ ভাষায় একটি পোস্ট দেন। তাতে ক্যাপশন দেন, ‘বাংলাদেশ যখন আর্জেন্টিনার সবচেয়ে কাছের।’

বিষয়টি একটু ব্যাখ্যা করে সোনিয়া মুন্নী ফেসবুকে বলেন, ওদের দেশ বিশ্বকাপ ফাইনাল খেলবে, এমন একটা আনন্দ উদযাপনের সময়ে ওরা যখন নিজেদের দেশ  থেকে অনেক দূরে, তখন আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা আর আবেগ দেখে বাংলাদেশকে ওদের কাছে অনেকটা আর্জেন্টিনার মতোই মনে হয়েছে।

মুন্নী যোগ করেন, শিল্পকলা, খেলা ও সংস্কৃতি কীভাবে কূটনীতিতে ভূমিকা রাখে, সেটা নয়, তিনি বরং মুগ্ধ হয়ে ভেবেছেন, আবেগ কীভাবে ভৌগোলিক ভূখ-ের দুই প্রান্তে থাকা দুটি জাতিকে এক করে দেয়! 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত