দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দিয়েছে বিএনপি। গতকাল বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এ নোটিস পাঠানো হয়। এর আগে ফখর উদ্দিন বাচ্চুর বিরুদ্ধে স্থানীয় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্তে ২০২৫ সালের ২৪ অক্টোবর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলীয় প্রাথমিক সদস্য পদসহ উপজেলা বিএনপির আহ্বায়ক পদ ফিরিয়ে দেওয়া হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কারণ দর্শনোর নোটিসে উল্লেখ করা হয়, ‘আপনি/আপনার ঘনিষ্ঠ লোকজন আবারও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নানা ধরনের অনৈতিক অপতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগ পাওয়া গিয়েছে। সুতরাং আপনার বিরুদ্ধে এ ধরনের অনৈতিক কার্যকলাপের জন্য কেন সাংগঠনিক ব্যবস্থ্া গ্রহণ করা হবে না তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দলীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ১ লাখ ১০ হাজার ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হন।