মতিঝিলে শুটার বাপ্পিসহ গ্রেপ্তার ৫

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৭:৩৫ এএম

রাজধানীর মতিঝিলে চাঁদাবাজি ও গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত শুটার তানিম রেজা ওরফে বাপ্পিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ। তাদের দেওয়া তথ্যে দক্ষিণ কমলাপুরে বাপ্পির অফিসে অভিযান চালিয়ে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি, ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শক গান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার বাকি সদস্যরা হলেন মোহাম্মদ জুয়েল, শাকিল, মো. মানিক কাজী ও রাকিবুল ইসলাম ভূঁইয়া ওরফে রিজন।

গতকাল শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) এবং (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি এসব তথ্য জানান। তিনি বলেন, গত ১৯ মে দক্ষিণ কমলাপুরে কোরবানির পশুর হাটের এক ইজারাদারের অফিস লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে। ১৫ মে একই ব্যবসায়ীর কাছে বিদেশি নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা হওয়ার পর তদন্তে তানিম রেজা বাপ্পি ও তার সহযোগীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তাদের সে সময় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ওসমান গণি বলেন, গত শুক্রবার সকালে মতিঝিলের হোটেল পূর্বাণী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বাপ্পি ও তার তিন সহযোগীকে এবং পরে তাদের আরও এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে দক্ষিণ কমলাপুরে বাপ্পির অফিসে অভিযান চালানো হয়। সেখান থেকে বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মতিঝিল থানায় অস্ত্র আইনে পৃথক একটি মামলা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, বাপ্পি একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত। বিভিন্ন গুলিবর্ষণের ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য রয়েছে। এ ছাড়া মতিঝিল এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগও রয়েছে। বাপ্পির বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চাঁদাবাজি, দস্যুতা, অপহরণ, হত্যাচেষ্টা, নারী-শিশু নির্যাতন ও মাদকসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের অন্যান্য সহযোগীকেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে গ্রেপ্তার দুজনকে সাত দিনে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। তারা হলেন বাপ্পী ও রিজন। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) জামশেদ আলমের আদালত রিমান্ডের আদেশ দেন। এদিকে তানিম রেজা ও রাকিবুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মতিঝিল থানায় আরেকটি মামলা করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত