ল’ রিপোর্টার্স ফোরামের ফল উৎসবে মিলনমেলা

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৮:৪১ পিএম

আইন,বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) উদ্যোগে আয়োজিত বাৎসরিক ফল উৎসব বিচারপতি, আইনজীবী ও সাংবাদিকদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

রবিবার (১৯ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থিত ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি, জ্যেষ্ঠ আইনজীবী, বিভিন্ন আদালতের বিচারিক কর্মকর্তা, আইন অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত আইন সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে অতিথিরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় এবং দেশীয় মৌসুমি ফলের স্বাদ উপভোগ করেন। তারা বলেন, বিচার বিভাগ, আইনজীবী সমাজ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক যোগাযোগ, আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধিতে ল’ রিপোর্টার্স ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অতিথিরা ল’ রিপোর্টার্স ফোরামের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, আদালত ও বিচার বিভাগের সংবাদ যথাযথভাবে জনসাধারণের কাছে পৌঁছে দিতে সংগঠনটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আইন ও বিচার অঙ্গনের স্বচ্ছতা, জবাবদিহি এবং জনসচেতনতা তৈরিতেও এলআরএফের অবদান প্রশংসনীয়। ভবিষ্যতেও সংগঠনটি একই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন।

ফল উৎসব উপলক্ষে পুরো এলআরএফ কার্যালয় ছিল উৎসবের আমেজে মুখর। উপস্থিত সাংবাদিকদের মধ্যে আন্তরিকতা, সৌহার্দ্য ও পেশাগত বন্ধনের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে আম, কাঁঠাল, লটকন, পেয়ারা, আনারস, বিভিন্ন দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয়।

এলআরএফ সভাপতি মুহাম্মদ ইয়াছিন ও সাধারণ সম্পাদক আরাফাত মুন্নার সার্বিক দিক নির্দেশনায় এবং ফল উৎসব বাস্তবায়ন উপ-কমিটির আহ্বায়ক ফোরাম সহসভাপতি আবু সালেহ রনি এবং সদস্য সদ্যসচিব ও ফোরাম যুগ্ম সম্পাদক তানভীর আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি মো. খসরুজ্জামান, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি মো. বশির উল্লাহ ও অবসরপ্রাপ্ত বিচারপতি এম আর হাসান উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের দায়িত্বরত রেজিস্ট্রার জেনারেল (হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার) মো. নুরুল আমিন বিপ্লব, আপিল বিভাগের রেজিস্ট্রার আশিকুল খবির এবং হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ শরীফুর রহমান।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীদের মধ্যে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন এমপি, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু, শেখ আওসাফুর রহমান বুলু, বার কাউন্সিলের সদস্য মোহাম্মদ শিশির মনির, নাসির উদ্দিন আহমেদ অসীম ও মাহফুজুর রহমান মিলন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, সাবেক জেলা ও দায়রা জজ শাহজাহান সাজু, সুপ্রিম কোর্টের দায়িত্বরত রেজিস্ট্রার জেনারেল মো. নুরুল আমিন বিপ্লব, আপিল বিভাগের রেজিস্ট্রার আশিকুল খবির এবং হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ শরীফুর রহমানসহ ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারি অ্যাটর্নি জেনারেল ও আইনজীবীসহ প্রায় আড়াই শতাধিক ব্যক্তি ফল উৎসবে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি আশুতোষ সরকার, হাসান জাবেদ, সাবেক সাধারণ সম্পাদক কাজী আবদুল হান্নান, দিদারুল আলম দিদার, আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঞাঁ, হাবিবুর রহমান, মনিরুজ্জামান মিশন, বর্তমান কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক আহমেদ আল আমীন, দপ্তর সম্পাদক মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জান্নাতুল ফেরদৌসী মানু, কার্যনির্বাহী সদস্য আসাদুর রহমান, ইলিয়াস সরকার, এস এম নূর মোহাম্মদ প্রমূখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত