পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতকদের ফেরাতে পৃথক চিঠি দিয়েছে সরকার

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৪:০৪ পিএম

বিচার শেষে সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত সব আসামিকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রয়েছে।

আজ সোমবার (২০ জুলাই) বিমসটেক বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত চেয়ে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে। ভারতে অবস্থানরত অন্য পলাতক আসামিদের প্রত্যর্পণের জন্যও পৃথকভাবে চিঠি পাঠানো হয়েছে।

তিনি বলেন, জুলাইয়ের দুই বছর পরও আমরা সেই শোক বহন করছি। এত মানুষের প্রাণহানি ও রক্তপাতের ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত হওয়া আমাদের প্রত্যাশা।

শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বিবেচনায় নিয়ে ভারত এ বিষয়ে ইতিবাচক সাড়া দেবে।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হয়।

মামলার রায়ে ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও কামালকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। ট্রাইব্যুনাল তাঁদের ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ নীতির আওতায় নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের জন্য দায়ী বলে উল্লেখ করেন।

একই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী (অ্যাপ্রুভার) হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে শেখ হাসিনা ও কামালের রাষ্ট্রীয় অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত