এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৪:১০ পিএম

ওমরাহ পালনকারীদের জন্য এক বছরের মেয়াদি মাল্টিপল-এন্ট্রি (একাধিকবার প্রবেশের সুযোগ) ভিসা চালু করেছে সৌদি আরব। নতুন এ ব্যবস্থায় ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং মোট সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ভিসাটি ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে। তবে প্রতিবার সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলতে হবে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্যমতে, সৌদি ভিশন ২০৩০ এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ওমরাহ যাত্রীদের যাতায়াত সহজ করা, সেবার মান উন্নয়ন এবং ডিজিটাল সেবাকে আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবার ওমরাহ পালনের জন্য ভিসাধারীদের নুসুক (Nusuk) প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবাদাতার কাছ থেকে একটি সেবা প্যাকেজ কিনতে হবে। তবে ওই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময়ের বেশি হতে পারবে না।

এ ছাড়া সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিপত্র (পারমিট) সংগ্রহ বাধ্যতামূলক।

প্রতিবার সৌদি আরব ত্যাগের পর ভিসাটি সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। পরবর্তী সফরের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করলে সেটি আবার সক্রিয় হবে।

তবে হজ মৌসুমে এ ভিসা কার্যকর থাকবে না। ইসলামি মাস জিলকদের ১ তারিখ থেকে জিলহজের ১৩ তারিখ পর্যন্ত ভিসাটি স্থগিত থাকবে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাষ্য, নতুন এই ভিসা ওমরাহ যাত্রীদের সফর পরিকল্পনায় আরও নমনীয়তা দেবে এবং পুরো যাত্রাপথে ডিজিটাল ও পরিচালনাগত সেবার সমন্বয় আরও উন্নত করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত