গাইবান্ধায় স্ত্রীর অপপ্রচারের বিরুদ্ধে স্বামীর প্রতিবাদ

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৬:১৭ পিএম

গাইবান্ধায় স্ত্রীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন স্বামী আশরাফুল ইসলাম। তাঁর দাবি তিনি তার স্ত্রীর অপপ্রচারে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে শহরের কাটপট্টী এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন তিনি।

স্বামী আশরাফুল ইসলাম জানান, তিনি সেনাবাহিনীতে চাকরী করেছিলেন। ওই সময় সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ডাকবাংলা বাজারের ঝাড়াবর্ষা গ্রামে ২ দশমিক ৫ শতাংক জমি ক্রয় করেন। আশরাফুল ইসলামের স্ত্রী সানজিদা শেলী শাপলার যৌথ সিদ্ধান্তে ওই জমির ওপর একটি তিনতলা ভবন নির্মাণ করে তারা
বসবাস করতে থাকেন।

টাকার প্রয়োজনে পার্শ্ববর্তী এলাকার জিল্লুর রহমান নামের এক ব্যক্তির কাছে চলতি বছরের গত ৮ এপ্রিল জায়গাসহ ভবন বিক্রি করেন। পরে স্ত্রী শাপলাসহ পরিবারের লোকজন ওই ভবনসহ জমি  জিল্লুর রহমানের কাছে বুঝিয়ে দেন। এর কিছু দিন পর ভবন বিক্রি টাকা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এরপর জমি ক্রয়কারী জিল্লুর রহমানের কাছে অতিরিক্ত টাকা দাবি করেন। সেই টাকা জিল্লুর রহমান দিতে অস্বীকৃতি জানালে সুকৌশলে জিল্লুরের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেন।

একপর্যায়ে গত ৮ মে ওই ভবন ও জমি বেদখল দেওয়ার জন্য সানজিদা শেলী শাপলা তাঁর লোকজন নিয়ে যান। বিক্রি করা ভবন দখল করে বসবাস শুরু করে। এ ঘটনায় জিল্লুর রহমান মামলা করেন। পরে আদালতের একটি নোটিশে শাপলা স্বেচ্ছায় ওই ভবন ছেড়ে চলে যায় এবং নতুন করে ষড়যন্ত্র শুরু করে। 

জমি ও ভবন ক্রেতা জিল্লুর রহমান বলেন, জমির কাগজপত্র দেখেই মুল্য পরিশোধ করে দলিল করে নিয়েছি। আমি রাজনীতি করি। রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা প্রভাবিত হয়ে সম্পূর্ণ উদ্দেশ্যেপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য সম্বলিত সংবাদ প্রচার করছেন।

ইতোমধ্যে আমি আইনগত ব্যবস্থা নিয়েছি। অভিযোগের বিষয়ে আশরাফুল ইসলামের স্ত্রী সানজিদা শেলী শাপলার সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তার মন্তব্য পাওয়া যায়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত