ইন্দোনেশিয়ায় সমুদ্রে চলাচলরত একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লাগার ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসারনাস)। সূত্র বিবিসি।
রবিবার (২ আগস্ট) সংস্থাটি জানায়, ফেরিটিতে মোট ২৭১ জন আরোহী ছিলেন।
বাসারনাসের তথ্য অনুযায়ী, ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশে যাত্রা করেছিল। পথে সমুদ্রে থাকা অবস্থায় ফেরিটিতে আগুন লাগে। এরপর জাহাজের ক্যাপ্টেন কর্তৃপক্ষকে অগ্নিকাণ্ডের খবর জানান।
দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।
তবে আগুন লাগার কারণ এবং হতাহতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
