নাটোরের উত্তরা গণভবনের সামনে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার পথসভাস্থল থেকে পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম শামস আল আমিন তামিম (২৯)। তিনি নাটোর শহরের কানাইখালী এলাকার সার ডিলার শামসুল আলমের ছেলে এবং বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল আনুমানিক ৪টা ৩৫ মিনিটের দিকে উত্তরা গণভবনের সামনে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার একটি পথসভা চলছিল। ওই সময় জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় সব পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
পথসভা চলাকালে খয়েরি রঙের পোশাক পরা এক যুবককে একটি পিস্তলসহ আটক করা হয়। পরে পুলিশ জানতে পারে, আটক যুবক তামিম নাটোরের কানাইখালী এলাকার বাসিন্দা শামসুল আলমের ছেলে।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের গেটসংলগ্ন একটি পথসভা মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় ওই যুবক মন্ত্রীর কাছাকাছি অবস্থান করছিলেন।
ওসি জানান, মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় ওই যুবকের সঙ্গে দুইবার ধাক্কা লাগে। এতে পুলিশের সন্দেহ হলে তাকে পাশে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার কাছে একটি পিস্তল পাওয়া যায়। পরে পিস্তলসহ তাকে আটক করে নাটোর সদর থানার হেফাজতে নেওয়া হয়েছে।
আটক তামিম পুলিশকে জানান, পিস্তলটি তার বাবার নামে লাইসেন্স করা এবং নিজের আত্মরক্ষার জন্য তিনি এটি সঙ্গে এনেছিলেন। তিনি নিজেকে একজন শিক্ষার্থী বলেও দাবি করেন।
তবে অন্য একাধিক সূত্রের দাবি, তামিম দীর্ঘদিন ধরে নিয়মিত নেশাগ্রস্ত এবং এটি তার বাবার লাইসেন্স করা পিস্তল নয়। সূত্রগুলো জানায়, দেখতে প্রকৃত পিস্তলের মতো ওজন ও রঙের হলেও এটি দারাজ থেকে কেনা একটি খেলনা পিস্তল।
এ বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলম বলেন, এটি খেলনা পিস্তল হলেও কেন তিনি সমাবেশস্থলে সেটি নিয়ে গিয়েছিলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
