ভক্তদের হতাশ করল ‘ব্যাটম্যান ২’

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০১:১৭ পিএম

দর্শকের যেন তর সইছে না। চাতকের মতো তারা অপেক্ষায় রয়েছেন বহুল আলোচিত ‘ব্যাটম্যান’ সিরিজের দ্বিতীয় পর্ব দেখার জন্য। এর মধেই সেই আগ্রহ পরিণত হলো চরম হতাশায়। রবার্ট প্যাটিনসন অভিনীত ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’র মুক্তি আবারও পিছিয়ে গেল। 

পরিচালক ম্যাট রিভসের ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ মূলত ২০২৭ সালে মুক্তির কথা ছিল। কিন্তু নতুন ঘোষণা অনুযায়ী সিনেমাটি দেখতে ২০২৮ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে ভক্তদের। 

প্রথম কিস্তির অভূতপূর্ব সাফল্যের পর সিক্যুয়ালটিতেও থাকছে হলিউডের একঝাঁক তারকা। ব্যাটম্যান চরিত্রে রবার্ট প্যাটিনসনের সঙ্গে ফিরছেন কলিন ফ্যারেল (ওজ কব), অ্যান্ডি সার্কিস (আলফ্রেড), জেফরি রাইট (কমিশনার গর্ডন) ও ব্যারি কিওগান (জোকার)। এ ছাড়া যুক্ত হচ্ছেন স্কারলেট জোহানসন, সেবাস্টিয়ান স্ট্যান, চার্লস ডান্স ও ব্রায়ান টাইরি হেনরির মতো তারকারা। 

বর্তমানে ক্যারিয়ারের অন্যতম সফল সময় পার করছেন রবার্ট প্যাটিনসন। সম্প্রতি ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’-তে অভিনয়ের পাশাপাশি ‘ডুন : পার্ট থ্রি’-তে খলনায়ক স্কাইটেল চরিত্রে তাকে দেখা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত