কয়েক দিনের ব্যবধানে থাইল্যান্ডে ফের বন্দুক হামলা, নিহত ১

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৫:১২ পিএম

থাইল্যান্ডের পার্লামেন্টের বহুল পরিচিত সাবেক সদস্য চালং রেওরায়েং একটি সরকারি কার্যালয়ে ঢুকে এক সাবেক পুলিশ কর্নেলকে গুলি করেছেন। সোমবার (১০ আগস্ট) বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে। 

তিনি সাবেক পুলিশ কর্মকর্তা থংচাই ইয়েনপ্রাসের্তকে তাঁর কার্যালয়ের বাইরে গুলি করেন। ঘাড়ে গুলিবিদ্ধ থংচাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর গাড়িচালকও গুলিবিদ্ধ হয়েছেন।  

ইউটিউবে সরাসরি সম্প্রচার করছিলেন এমন এক পরিচিত রাজনৈতিক ভাষ্যকারকে ফোন করে চালং নিজেই হামলার কথা জানান। তবে কেন তিনি এ হামলা চালিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে তদন্ত করছে পুলিশ।

রাজধানী ব্যাংককের কাছে ননথাবুরি প্রদেশে এ ঘটনা ঘটল এমন সময়, যখন একই এলাকায় কয়েক দিন আগে এক কিশোর তার দাদা-দাদিকে গুলি করে হত্যার পর একটি স্কুলে গুলি চালিয়ে সাতজনকে হত্যা করেছিল।

সোমবারের ঘটনাটি ১৪ বছর বয়সী ওই কিশোরের হামলার মাত্র তিন দিন পর ঘটল। বাড়িতে দাদা-দাদিকে হত্যার পর সে স্কুলে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর গুলি চালায়। পরে নিজেকেও গুলি করে।

তবে দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রবিবার কর্তৃপক্ষ জানায়, সহিংসতামূলক সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্টে ওই কিশোরের আসক্তি, পড়াশোনা নিয়ে উদ্বেগ, পারিবারিক সমস্যা এবং বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব তার হামলার পেছনে ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে সাবেক এমপি চালং ইঙ্গিত দিয়েছেন, সাবেক ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে ব্যক্তিগত বিরোধের জেরেই তিনি গুলি চালিয়েছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত