দাকোপের পানখালীকে এসডিজি ভিলেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১১:০৫ পিএম

খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রামকে এসডিজি ভিলেজ ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সোমবার (১০ আগস্ট)  দুপুর সাড়ে ১২টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে  ইনক্লুসিভ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পলিসি প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের অংশ হিসেবে দেশের তিনটি গ্রামকে পাইলট প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে। এর মধ্যে খুলনার পানখালী ছাড়াও রয়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিটিংগাছড়ি এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম।
ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের  উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, এসডিজি ভিলেজের যেসব পরিকল্পনা রয়েছে, সেগুলো বাস্তবায়নের মাধ্যমে তিনটি গ্রামকে পাইলট প্রকল্প হিসেবে উন্নয়ন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে খুলনার  পানখালীর মমতাজ বেগম মাধ্যমিক বিদ্যালয় প্রান্ত থেকে খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, পানখালী গ্রামটিতে যেমন নানা চ্যালেঞ্জ রয়েছে, তেমনি রয়েছে বিপুল সম্ভাবনাও। টেকসই উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এখানকার মানুষের জীবনমান উন্নয়ন, পরিবেশের সুরক্ষা এবং ভবিষ্যৎকে নিরাপদ ও টেকসই করাও এর অংশ।

পানখালীর স্থানীয় সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এডভোকেট শফিকুল আলম মনা বলেন, দাকোপ দীর্ঘদিন ধরে অবহেলিত একটি অঞ্চল। এর মধ্যে পানখালী আরও পিছিয়ে রয়েছে। এই গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে নির্বাচন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি পানখালীর মানুষের জীবন-জীবিকার সঙ্গে সুন্দরবনের নিবিড় সম্পর্কের কথাও তুলে ধরেন।  তিনি বলেন স্থানীয় মানুষ সুন্দরবনে কাঠ সংগ্রহ, মধু আহরণসহ বিভিন্ন কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। নিরাপদে সুন্দরবনে যাতায়াতের সুযোগ নিশ্চিত করতে সরকারের সহযোগিতা প্রয়োজন।

এ ছাড়া দীর্ঘদিনের দাবি পানখালী সেতু নির্মাণের বিষয়টিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন কেডিএ চেয়ারম্যান।


অনুষ্ঠানে খুলনার অংশে জেলা প্রশাসক ও কেডিএ চেয়ারম্যান ছাড়াও খুলনার পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত