ব্যাংকে যাওয়ার পথে ব্যবসায়ীর টাকা ছিনতাই 

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১২:২৩ এএম

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কে ক্রাউন প্লাজার সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উত্তরায় অবস্থিত ডিএল পেট্রলপাম্পটির তাসীন আক্তার হক নামে এক ব্যবসায়ীর। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, ছিনতাইয়ের ঘটনায় পেট্রল পাম্পের ব্যবস্থাপক আবদুল করিম অজ্ঞাতপরিচয় ছয়-সাতজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেছেন। মামলায় বলা হয়েছে, ছিনতাই হওয়া ১ কোটি ২১ লাখ টাকা ডিএল পেট্রল পাম্পের।

মামলার অভিযোগে বলা হয়েছে, রবিবার সকালে পাম্পের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ড ভ্যানের চালক খোরশেদ টাকা ভর্তি একটি ব্যাগ নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। পথে তিনটি মোটরসাইকেলে আসা ছয়-সাতজন তাদের কাভার্ড ভ্যানের গতি রোধ করেন। পরে পিস্তলের মুখে এবং আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে তারা আবদুল্লাহপুরের দিকে পালিয়ে যান। পরে সেলিমুজ্জামান ও খোরশেদসহ আশপাশের লোকজনের সহায়তায় আহত আল আমিনকে বাংলাদেশ–কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিদিন একই সময়ে টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার বিষয়টি ছিনতাইকারীরা আগে থেকেই জানতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ বলেন, ছিনতাইয়ে জড়িত একাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত