ডিজনির ডি২৩ ভক্ত সম্মেলনে প্রকাশিত হয়েছে ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ সিনেমার দুই মিনিটের নতুন ট্রেলার। এতে খলনায়ক ডক্টর ডুম চরিত্রে ভয়ংকররূপে হাজির হয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র। তার মুখোমুখি হতে দেখা যাবে অ্যাভেঞ্জার্স, ফ্যান্টাস্টিক ফোর ও এক্স-মেন বাহিনীর শক্তিশালী নায়কদের।
ট্রেলারে ভ্যানিসা কারবির সুস্টর্ম অন্য নায়কদের ডক্টর ডুমের হুমকি সম্পর্কে সতর্ক করেন। একপর্যায়ে পেদ্রো পাসকালের রিড রিচার্ডস এবং ক্রিস হেমসওয়ার্থের থর সরাসরি ডুমের মুখোমুখি হন। থরের আক্রমণ প্রতিহত করে সবুজ রশ্মির আঘাতে তাকে কাবু করেন ডুম।
সিনেমার বড় আকর্ষণ পুরনো এক্স-মেন তারকাদের উপস্থিতি। প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রে প্যাট্রিক স্টুয়ার্ট ও ম্যাগনিটো চরিত্রে ইয়ান ম্যাককেলান মার্ভেলের মূল মহাবিশে^ যুক্ত হচ্ছেন। এ ছাড়া ক্রিস ইভান্স, পল রাড, সেবাস্টিয়ান স্ট্যান ও টম হিডলস্টনের মতো তারকারা অভিনয় করছেন এতে। আগামী ১৮ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।