আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে একক নাটক ‘সরল জটিলতা’। আসাদুজ্জামান সোহাগের গল্পে নাটকটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব। নাটকে মূল দুই চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান।
নাটকের গল্পে দেখা যায়, শাফিন (খায়রুল বাসার) ও ফাইজার (সাদনিমা বিনতে নোমান) দীর্ঘদিনের প্রেম হলেও তাদের সম্পর্কে নানা টানাপড়েন ও ভুল-বোঝাবুঝি সৃষ্টি হয়। শাফিন বেকার থাকায় ফাইজার বাবা তাদের সম্পর্ক মেনে নিতে চান না। ফাইজার বাবাকে মানানোর চেষ্টার অংশ হিসেবে শাফিন বিভিন্ন হাস্যরসাত্মক পরিস্থিতিতে পড়ে। যেমন ফাইজাদের পোষা কুকুরকে ইমপ্রেস করার চেষ্টা, ভুল বোঝাবুঝির কারণে অপরাধী সাব্যস্ত হওয়া এবং নানা নাটকীয় ঘটনা। অন্যদিকে ফাইজার মা-বাবার মধ্যকার ভুল-বোঝাবুঝির কারণে সংসারে তৈরি হয় আরও পারিবারিক জটিলতা। শেষ পর্যন্ত শাফিন একটি আন্তর্জাতিক আইটি প্রতিষ্ঠানে চাকরি পায় এবং ফাইজাদের হারিয়ে যাওয়া পোষা কুকুরকে সেবা দিয়ে সুস্থ করে ফিরিয়ে আনে। এতে তার সততা ও ভালোবাসার প্রমাণ মেলে। অবশেষে ফাইজার পরিবার তাদের সম্পর্ককে মেনে নেয় এবং ভালোবাসার গল্পটি সুখে পূর্ণতা পায়।
এর আগে এই জুটি ‘গোল্ডফিশ’, ‘কাছের কেউ’, ‘গন্তব্যের খোঁজে’, ‘জ¦ীন ও পরীর সংসার’, ‘তুমি আমার’, ‘গল্পটা থেকে যায়’, ‘আগলে রেখো আমায়’সহ বেশ কিছু নাটকে কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন।