তথ্য, সেবা, দক্ষতা এবং জ্ঞানের সংমিশ্রণে একটি সমন্বিত ‘নলেজ প্রোডাক্ট’ তৈরি করার লক্ষ্যেই সারা দেশে আধুনিক তথ্য কমপ্লেক্সগুলো নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে এ ধরনের প্রযুক্তি ও ইন্টারনেটনির্ভর কেন্দ্র গড়ে তোলা হবে।
গতকাল রবিবার দুপুরে বরিশাল নগরীর ২৯নং ওয়ার্ডের কাশিপুরে সিঅ্যান্ডবি রোডে ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রযুক্তির সক্ষমতা কোনো অবকাঠামো বা উপাদানের অঙ্কের ওপর নির্ভর করে না উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রযুক্তির আসল সক্ষমতা নির্ভর করে তার ব্যবহারিক মূল্যের ওপর। তথ্য ভবনের মূল্য বৈশ্বিক মানদন্ডে নিয়ে যেতে চায় সরকার। এ জন্য ভবনের অবকাঠামোগত মূল্যমানের পাশাপাশি এর ব্যবহারিক উপযোগিতাকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে।
কমপ্লেক্সে একটি ডিজিটাল লাইব্রেরি গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, একসময় দেশে প্রায় ১,১০০টি সিনেমা হল থাকলেও এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র ১৪০টিতে। বর্তমান সময়ের সিনেমাগুলো সিঙ্গেল স্ক্রিনের উপযোগী না হওয়াও একটি কারণ। এই তথ্য কমপ্লেক্সে আধুনিক স্ক্রিনের সুবিধাও যুক্ত থাকবে।
গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজন এবং গণপূর্ত বিভাগ বরিশালের সহযোগিতায় অনুষ্ঠিত এ উদ্বোধনী আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল-৫ (সদর) আসনের এমপি অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরওয়ার।
উল্লেখ্য, সাততলাবিশিষ্ট আধুনিক বিভাগীয় তথ্য কমপ্লেক্সটির নির্মাণকাজ ২০২৩ সালে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় তিন বছর পর গতকাল আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হলো।