মেয়েদের মেন্টর হতে ৪৫ জনের আগ্রহ

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০২:২৮ এএম

মেয়েদের ক্রিকেটের পাইপলাইনের ভিত শক্ত করতে দেশের আট বিভাগে একজন করে নারী মেন্টর নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ২৯ জুলাই পরিচালনা পর্ষদের সভায় নিয়োগ প্রক্রিয়ার অনুমোদন পায় নারী বিভাগ। এরপর বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা। গত ১৫ আগস্ট ছিল আগ্রহ প্রকাশের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে ৪৫ জন আবেদন করেছেন। এর মধ্যে প্রায় ১০ জন সাবেক ক্রিকেটারও রয়েছেন।

এই বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা ভাবতে পারিনি এত প্রার্থী আগ্রহ দেখাতে পারে। আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি আবেদন পড়েছে। মেয়েরা যে এই পেশার সঙ্গে যুক্ত হতে চায়, এটা বেশ ইতিবাচক দিক। এদের মধ্যে জাতীয় দলে খেলা বেশ কয়েকজন মেয়েও আছেন এখানে।’

আগ্রহী প্রার্থীদের তালিকা এখনো যাচাই-বাছাই শেষ হয়নি। তবে পান্না ঘোষ, রেশমা আক্তার আদুরি, শামীমা সুলতানা, আয়শা রহমান শুকতারাসহ জাতীয় দলে বা ঘরোয়া ক্রিকেটে খেলা কয়েকজন ক্রিকেটার মেন্টর হতে আগ্রহ দেখিয়েছেন। জানা গেছে, বিসিবিও অভিজ্ঞদের মূল্যায়ন করবে। সাবেক ক্রিকেটার ও লেভেল-১ কোচিং কোর্স করা প্রার্থীদের অগ্রাধিকার দেবে। তবে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেন, ‘যাচাই-বাছাই শেষ হলে কতজন টিকবে, সেটা আগে দেখব আমরা। সংখ্যা বেশি হলে লিখিত বা ব্যবহারিক পরীক্ষা থাকতে পারে। কম হলে শুধু মৌখিক পরীক্ষা হতে হবে।’

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একজন করে মেন্টর দায়িত্ব পালন করবেন। তাদের কাজের আওতায় থাকবে প্রতিভাবান ক্রিকেটার চিহ্নিত করা, প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত