হলিউডের অন্যতম জনপ্রিয় ফ্যাশন আইকন জেন্ডায়া তার অভিনব ফ্যাশন সেন্স দিয়ে বারবারই আলোচনায় ছিলেন গত কয়েক বছর ধরে। তবে চলতি বছরটি কেবল ফ্যাশনে নয়, বড় বড় একাধিক প্রজেক্টে অভিনয়েও নিজস্ব মেধার পরিচয় দিয়েছেন তরুণ এই হলিউড অভিনেত্রী। বছরের শুরুতেই সিনে সমালোচকদের ধারণা সত্যি করে ২০২৬ সালটাকে যেন নিজের দখলে নিয়ে নেন জেন্ডায়া। বছরের শেষের দিকেও নতুন চমক নিয়ে আসছেন তিনি। ‘ডুন : পার্ট থ্রি’, ‘শ্রেক ৫’ ও রনি স্পেক্টরের বায়োপিক নিয়েও ব্যস্ত সময় পার করা এই তরুণ তারকার ক্যারিয়ারে যুক্ত হচ্ছে আরও একটি নতুন প্রজেক্ট। খ্যাতিমান নির্মাতা ও চিত্রনাট্যকার অ্যালেক্স গারল্যান্ডের নতুন সায়েন্স ফিকশন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জেন্ডায়া। খ্যাতিমান নির্মাতা ও অ্যালেক্স গারল্যান্ডের নতুন সায়েন্স ফিকশন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘সিভিল ওয়ার’ ও ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার’-এর মতো আলোচিত কাজের সঙ্গে যুক্ত এই নির্মাতা নিজের মৌলিক চিত্রনাট্য থেকেই সাজাচ্ছেন নতুন সিনেমাটি। তবে এখনো ছবিটির নাম, কাহিনি কিংবা জেন্ডায়ার চরিত্র সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি। সায়েন্স ফিকশনের জগতে গারল্যান্ডের নির্মাণশৈলী এবং জেন্ডায়ার অভিনয় কতটা নতুন মাত্রা যোগ করে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে।
নতুন সায়েন্স ফিকশন সিনেমার পাশাপাশি জেন্ডায়াকে ঘিরে দর্শকদের আগ্রহের আরেকটি বড় কারণ ‘ডুন : পার্ট থ্রি’। পরিচালক ডেনিস ভিলনেভের এই ফ্র্যাঞ্চাইজিতে চানি চরিত্রে ফিরছেন তিনি। পল অ্যাট্রেইডিসের ভূমিকায় থাকছেন টিমোথি শ্যালামে। সিনেমাটি আগামী ১৮ ডিসেম্বর মুক্তির পরিকল্পনা রয়েছে। মুক্তির আগেই চানির চরিত্রে জেন্ডায়ার অভিনয় নিয়ে পুরস্কারের মৌসুমে আলোচনা শুরু হয়েছে। তবে অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে তার মনোনয়ন পাওয়ার বিষয়টি এখনো জল্পনার পর্যায়ে রয়েছে। ছবিটি মুক্তির পর তার অভিনয় কতটা প্রশংসা পায়, সেটিই এখন দেখার বিষয়।
চলতি বছর বিভিন্ন ধরনের চলচ্চিত্রে কাজের মাধ্যমে আলোচনায় রয়েছেন জেন্ডায়া। ‘দ্য ড্রামা’, ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’ এবং ‘দ্য ওডিসি’র মতো ভিন্ন ঘরানার প্রজেক্টে তার উপস্থিতি নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে।