বলিউড বাদশা, বলিউড কিং অথবা কিং খান কত রকম উপাধি এবং বিশেষণ তার। তিনি শাহরুখ খান। তার সাম্রাজ্য যে কেবল ভারত তথা উপমহাদেশের গণ্ডিতে সীমাবদ্ধ নেই, নানা কারণে তামাম দুনিয়ায় নিজেকে অন্যতম প্রভাবশালী তারকায় পরিণত করেছেন তিনি। তার অভিনীত একাধিক চলচ্চিত্র বিশ্বব্যাপী ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ব্যবসা করেছে। আজ ২ নভেম্বর ৬২তে পা রাখলেন এই গ্লোবাল তারকা। জন্মদিনে শাহরুখ খানকে নিয়ে প্রতিবেদনটি সাজিয়েছেন জাহাঙ্গীর বিপ্লব
বলিউড কিং বলে কথা। তার জন্মদিন মানেই প্রাসাদোপম মান্নতের বাইরে জনজোয়ার। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে আকাশে-বাতাসে শুধুই ‘শাহরুখ, শাহরুখ।’ গগনভেদী চিৎকার! আর মান্নতের সিংহদুয়ারের সামনে চেনা দৃশ্য বাদশার দর্শনপ্রত্যাশী জনারণ্যের ঢেউ। আর হবেই না কেন? শাহরুখের সাধের মান্নতই তাদের কাছে পীঠস্থান। গত বছর তার জন্মদিন, সিনেমার রিলিজ হোক বা ঈদ, বান্দ্রার এই হেরিটেজ প্রাসাদের বাইরে ছিল জনসুনামি! তবে এবারের জন্মদিনের চিত্রটা পুরাটাই ভিন্ন। চিরচেনা ছন্দ থেকে একেবারে ভিন্নভাবে পালিত হচ্ছে আজকের দিনটা।
জন্মদিনের ২৪ ঘণ্টা আগে বার্থডে স্পেশাল সারপ্রাইজ হিসেবে কিং খানের আসন্ন ছবি ‘কিং’-এর কোনো বড় চমকের অপেক্ষায় ছিলেন হাজার হাজার ভক্ত-অনুরাগী। ‘জাবরা ফ্য়ান’দের কাছে এই দিনটি ‘এসআরকে ডে’। তবে অভিনেতার টিমের তরফ থেকে আগেই প্রতিটি ফ্যান ক্লাবকে জানানো হয়েছে এ বছর আর ‘এসআরকে ডে’ পালিত হচ্ছে না। একই সঙ্গে রহস্য জিইয়ে রেখে বলা হয়, ভক্তরা যেন আশাহত না হন। বলিপাড়ায় ফিসফাস, জন্মদিনে দেখা না দিলেও ‘কিং’ রিলিজের প্রাক্কালে অনুরাগীদের জন্য চমক রাখতে চলেছেন শাহরুখ। পরিচালক সিদ্ধার্থ আনন্দের একের পর এক রহস্যময় পোস্ট এবং প্রথম গান মুক্তির ইঙ্গিত ঘিরে ইতিমধ্যেই ভক্তমহলে উত্তেজনা তুঙ্গে।
মান্নতের সংস্কার ও সম্প্রসারণের কাজ চলার জন্য পরিবার নিয়ে আপাতত পালি হিলের বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টই খান পরিবারের অস্থায়ী আস্তানা। তাই মান্নতের ছাদে আইকনিক পোজে শাহরুখ তার ভক্তদের দর্শন দেবেন কি না তা নিয়ে সংশয় তবুও কাটছিল না। তবে মান্নতের কিছু ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় নতুন জল্পনা। সামনের অংশে একটি বিশাল স্ক্রিনের মতো কাঠামো, যা দেখেই অনুরাগীদের একাংশের অনুমান, শাহরুখের জন্মদিনে মান্নতের দেওয়ালে দেখানো হতে পারে ‘কিং’-এর কোনো বিশেষ ঝলক।
মান্নতের দেওয়ালে বিশাল স্ক্রিন ঘিরে ভক্তদের মনে নতুন করে প্রত্যাশা তৈরি হবে এটা বলাই বাহুল্য। তবে গতকাল রাত অবধি বিশেষ করে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ‘কিং’ সিনেমার টিজার, গান কিংবা অন্য কোনো ফুটেজ আদৌ মান্নতে দেখানো হবে কি না সে বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এদিকে সিদ্ধার্থের রহস্যময় পোস্ট ঘিরে শাহরুখভক্তদের অ্যাড্রানালিন রাশ একেবারে তুঙ্গে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শাহরুখের জন্মদিনে মুক্তি পাবে অরিজিৎ সিংয়ের কণ্ঠে ‘কিং’-এর প্রথম গান।
বয়স ৬০ পেরিয়ে গেলেও পর্দায় শাহরুখ খানের সেই কালজয়ী রোমান্টিক আবেদন আজও অমলিন। বলিউড বাদশার বহুল প্রতীক্ষিত নতুন সিনেমা ‘কিং’-এর নতুন পোস্টার প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে গেছে অন্তর্জালজুড়ে। পোস্টারে দেখা যাচ্ছে, চারপাশে লেলিহান আগুনের শিখার মধ্য দিয়ে হেঁটে আসছেন বলিউড সুপারস্টার; এক হাতে ধরা উদ্যত বন্দুক আর ঠোঁটের কোণে গুঁজে রাখা তাজা রক্তগোলাপ। এমন ভয়ংকর অ্যাকশন আবহের মধ্যেও চিরচেনা ভঙ্গিতে তার সাফ ঘোষণা ‘খুনি নই, আমি প্রেমিক।’
শাহরুখের এই সংলাপ ভক্তদের তাৎক্ষণিকভাবে মনে করিয়ে দিয়েছে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া তার ব্লকবাস্টার সিনেমা ‘বাদশাহ’র জনপ্রিয় শিরোনামসংগীতের সেই বিখ্যাত চরণের কথা। পুরনো সেই স্মৃতি ও নস্টালজিয়াকে নিপুণভাবে ফিরিয়ে এনে নতুন ছবির প্রচারণায় এক ভিন্ন মাত্রা যোগ করেছেন এই অভিনেতা।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত মেগা বাজেটের সিনেমা ‘কিং’ চলতি বছরের ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন তার কন্যা সুহানা খান। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লাসহ একঝাঁক তারকা।
প্রকাশিত নতুন পোস্টারটিতে শাহরুখকে একেবারেই রূঢ় ও অ্যাকশনধর্মী এক অবতারে ফ্রেমবন্দি করা হয়েছে। একদিকে আগুনের শিখা চিরে বন্দুক হাতে এগিয়ে আসা অ্যাকশন হিরোর কঠোর ও রুক্ষ অভিব্যক্তি, অন্যদিকে ঠোঁটে কোমল গোলাপএই দুই বিপরীতমুখী মেজাজের অনন্য মিশেল পোস্টারটিকে দৃষ্টিনন্দন করে তুলেছে। সেই সঙ্গে তার জুড়ে দেওয়া সংলাপটি অভিনেতার কয়েক দশকের রোমান্টিক ক্যারিয়ারের প্রতিচ্ছবিকেই যেন নতুন করে ডাক পাঠাল। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ কিংবা ‘বীর-জারা’র মতো কালজয়ী চলচ্চিত্রে প্রেমিক শাহরুখের যে ইমেজ কোটি ভক্তের হৃদয়ে গেঁথে আছে, নতুন এই পোস্টারেও যেন অ্যাকশনের বারুদ মাখিয়ে সেই চেনা রূপেরই নবজন্ম ঘটালেন তিনি।