ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক মোলার। গতকাল রবিবার সংস্থাটির কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপক্ষীয় বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ, টেকসই অবকাঠামো উন্নয়ন, জ্বালানি খাত, পরিবেশবান্ধব শিল্পায়ন এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনভেস্ট বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কার্যক্রম ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পের কাজ গতিশীল করতে একটি যৌথ ওয়ার্কিং টিম গঠনের প্রস্তাব দেওয়া হয়। এ বিষয়ে দুই পক্ষের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়। বাংলাদেশের জ্বালানি খাতে ডেনমার্কের অভিজ্ঞতা ও বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়। বৈঠকে স্বর্ণদ্বীপের সম্ভাবনার প্রসঙ্গও উঠে আসে।
বৈঠকে উভয় পক্ষ সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ সহযোগিতা এগিয়ে নিতে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়।