নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েই গড়ে উঠবে একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও বিদেশি ভাষা শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে। তিনি বলেন, ‘এই বাংলাদেশ তোমাদের গড়তে হবে, তোমাদের তৈরি করতে হবে। বাংলাদেশকে পৃথিবীর বুকে শক্তিশালী হিসেবে দাঁড় করাতে হবে। তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের অ্যাম্বাসেডর এবং এই দেশের মালিক।’

গতকাল বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ (সিজন-২)-এর উদ্বোধনের পর রাখা বক্তব্যে কথাগুলো বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, শুধু পাঠ্যবইয়ের পড়াশোনা দিয়ে বিশ্ব জয় করা সম্ভব নয়। বিশ্বদরবারে নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শিল্পকলা ও সংস্কৃতিচর্চায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্তত একটি বিদেশি ভাষা শিখতে পারলে বিশ্বের কোনো দেশ বাংলাদেশের নতুন প্রজন্মকে দমিয়ে রাখতে পারবে না। খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক দক্ষতা অর্জনের উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিকেএসপির শিক্ষার্থীরা খেলাধুলায় যেমন দক্ষতা দেখিয়েছে, তেমনি নাচ, অ্যাক্রোবেটিকসসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায়ও পারদর্শিতা দেখিয়েছে। এতে প্রমাণিত হয় তোমরাও পারো।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি অনলাইনে দেশের ৫০৩টি উপজেলায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বিকেএসপিতে ভর্তি হওয়ার জন্য ৪০ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুল আরম খান।

উদ্বোধনী অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ ছিল চীনের ঐতিহ্যবাহী ড্রাগন ড্যান্স ও লায়ন ড্যান্স। বর্ণিল পোশাক, ছন্দময় পরিবেশনা আর ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের তালে বিকেএসপি ও চীনা শিক্ষার্থীদের এ পরিবেশনা প্রধানমন্ত্রী স্টেডিয়ামে বসে উপভোগ করেন। চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের ইউনান মিনজু ইউনিভার্সিটি থেকে আসা একদল শিক্ষার্থী এই পরিবেশনে অংশগ্রহণ করেন। বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে তাদের এ পরিবেশনার আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে নতুন কুঁড়ির উদ্বোধনী আয়োজনে যুক্ত হয় ভিন্ন দেশের ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন।

সর্বশেষ সর্বাধিক পঠিত