প্রথমবার এক সিনেমায় জয়া-শ্রাবন্তী

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম

প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন ঢালিউড ও টলিউড তারকা জয়া আহসান ও শ্রাবন্তী চ্যাটর্জি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কলকাতার পরিচালক অর্জুন দত্তের নতুন মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘আরএসভিপি মার্ডার’-এ অভিনয় করবেন তারা। 

পাহাড়ের মনোরম পরিবেশে রহস্য, সন্দেহ, ঈর্ষা ও বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। প্রযোজক অভিজিৎ চট্টোপাধ্যায়ের প্রতিষ্ঠান শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন রূপম গোস্বামী। 


বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা মুখোশ, দাম্পত্য জীবনের টানাপোড়েন, পারিবারিক ক্ষোভ, ঈর্ষা ও বিশ্বাসঘাতকতার নানা দিক উঠে আসবে গল্পে। আপাতদৃষ্টিতে স্বাভাবিক সম্পর্কগুলোর আড়ালে প্রত্যেকেরই যেন রয়েছে কোনো না কোনো গোপন সত্য। রহস্যের পাশাপাশি সিনেমাটিতে থাকবে ডার্ক হিউমার ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। 

সিনেমাটিতে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তী বলেন, ‘অর্জুনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। ছবির গল্প এবং আমার চরিত্রটা দারুণ। এর আগে এমন ধরনের চরিত্রে আমি কখনও অভিনয় করিনি। দর্শক আমাকে একদম নতুন রূপে দেখতে পাবেন।’ 

অন্যদিকে জয়া আহসান বলেন, ‘অর্জুন আমার অত্যন্ত পছন্দের একজন পরিচালক। আরএসভিপি মার্ডার একটি মার্ডার মিস্ট্রি, আর এই ছবির অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। চরিত্রটি ফুটিয়ে তোলার মধ্যে একটা আলাদা চ্যালেঞ্জ রয়েছে।’ 

জয়া ও শ্রাবন্তী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, মিষ্টু (অভিপ্সা) চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায় ও গৌরব রায়চৌধুরীসহ আরও অনেকে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত