সেনেগালে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ৪

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে কর্তৃপক্ষ। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আল জাজিরার। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেন বেসরকারি সংস্থা ‘হরাইজনস সঁ ফ্রঁতিয়ের’-এর সভাপতি বুবাকার সেয়ে। এর এক দিন আগে রাজধানী ডাকারের দক্ষিণে উপকূলীয় শহর ইয়েনের কাছে নৌকাটি ডুবে যায়।

স্থানীয় এক কর্মকর্তা জানান, নৌকাটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন। ছোট ছোট মাছ ধরার নৌকা থেকে অভিবাসীদের একটি বড় কাঠের নৌকায় (পিরোগ) স্থানান্তরের সময় সেটি একটি পাথরে ধাক্কা খেয়ে ডুবে যায়। তবে এখনো কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ দুর্ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টায় অভিবাসীদের ঢল ক্রমেই বাড়ছে। প্রায় প্রতিদিনই এসব অভিবাসীবাহী নৌকা আটক বা উদ্ধার করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ২৪ হাজার ৩৬৪ জন অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ১৪ হাজার ৬৯০। অর্থাৎ এক বছরের ব্যবধানে অভিবাসীর সংখ্যা প্রায় ৬৬ শতাংশ বেড়েছে।

মন্ত্রণালয়ের তথ্য বলছে, অক্টোবরের শেষ পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছিলেন ১৩ হাজার ৩২৭ জন। আর নভেম্বরের প্রথম ১৫ দিনেই সেখানে পৌঁছেছেন আরও ১১ হাজার ৩৭ জন অভিবাসী।

সমুদ্রে ব্যাপক উদ্ধার ও নজরদারি অভিযান চললেও অভিবাসীদের এই ঢল থামছে না। সেনেগালের প্রেস এজেন্সি (এপিএস) জানিয়েছে, গত ১৬ ও ১৭ নভেম্বর দেশটির নৌবাহিনী ১ হাজার ৪২৪ জন অভিবাসীকে উদ্ধার বা আটক করেছে। তাঁদের মধ্যে নয়টি মাছ ধরার নৌকায় থাকা যাত্রীরাও রয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত