প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ কালচারাল ক্লাবের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. নছরুল কাদিরকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান করা হয়েছে।
গত (১৭ নভেম্বর) মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক উন্নয়ন, ইতিবাচক পরিবর্তন ও অগ্রযাত্রায় তার আন্তরিক প্রচেষ্টা, দূরদর্শী নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম, পাবলিক হেলথ কালচারাল ক্লাবের কনভেনর ডা. সৈয়দা মুনিরা দিলশাদ, কো-কনভেনর মো. ফয়সাল আহমেদ তালুকদার এবং ক্লাবের সম্মানিত নির্বাহী সদস্যরা।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. নছরুল কাদির ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম ও সাংগঠনিক অগ্রগতির বিষয়ে দিকনির্দেশনা দেন। রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির পাবলিক হেলথ বিভাগের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, সৃজনশীল কর্মকাণ্ড ও সাংগঠনিক উদ্যোগের প্রশংসা করেন।
পাবলিক হেলথ কালচারাল ক্লাব মনে করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকাশে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও ইতিবাচক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে পাবলিক হেলথ বিভাগের সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রম আরও সমৃদ্ধ হবে এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে ক্লাবটি।