প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্ট ‘প্রেসিডেন্সি চ্যাম্পিয়ন্স লিগ সিজন ৩’ অনুষ্ঠিত হয়েছে। ‘কিক টু উইন’ স্লোগানে গত ১৫ ও ১৮ নভেম্বর ২০২৬ তারিখে সান ভ্যালি স্পোর্টস ক্লাবে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, প্রক্টর মো. আনিছুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১২টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের লড়াই শেষে ফাইনালে ওঠে ইকোনমিক্স থান্ডার্স ও ইংলিশ ভ্যালরস। ফাইনালে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত ইকোনমিক্স থান্ডার্স জয়লাভ করে।
টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে নিজ নিজ বিভাগের শিক্ষার্থীরা গ্যালারিতে উপস্থিত থেকে দলগুলোকে সমর্থন জানান। ১২টি দলের অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা, দলীয় মনোভাব ও আন্তবিভাগীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রথম আসর থেকেই এতে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ছে। বর্তমানে এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষের অন্যতম প্রতীক্ষিত আয়োজনে পরিণত হয়েছে।
শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক উৎসব, বিভাগীয় ক্লাবের কার্যক্রম এবং পেশাগত দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচির আয়োজন করা হয় বলেও জানায় কর্তৃপক্ষ।